পূর্বাঞ্চলে ছয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে গতকাল মঙ্গলবার দুপুরে কনটেইনার ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ভৈরব-ময়মনসিংহসহ পূর্বাঞ্চলীয় যাত্রাপথে প্রায় পৌনে ছয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। সন্ধ্যায় পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ভৈরব রেলওয়ে স্টেশনমাস্টারের কার্যালয় সূত্র জানা গেছে, সকাল আটটার দিকে কনটেইনার ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ঢাকার কমলাপুর স্টেশন ছেড়ে আসে। ট্রেনটি দুপুর সোয়া ১২টায় নরসিংদীর দৌলতকান্দি স্টেশন অতিক্রম করে। ভৈরব স্টেশনে প্রবেশ করছিল দুপুর ১২টা ২৫ মিনিটে। জগন্নাথপুরে লাইনের একটি পয়েন্ট অতিক্রম করার সময় বিকট শব্দে ট্রেনটির মাঝের দুটি বগি লাইনচ্যুত হয়। চালক বুঝতে পেরে কয়েক মিনিটের মধ্যে ট্রেনটি থামিয়ে দেন।
বেলা সাড়ে তিনটার দিকে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে। সন্ধ্যা ছয়টার দিকে লাইন ট্রেন চলাচলের উপযোগী হয়।
এ দুর্ঘটনার কারণে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ঢাকাগামী আন্তনগর মহানগর এক্সপ্রেস, কিশোরগঞ্জের কুলিয়ারচরে আন্তনগর এগারসিন্দুর এক্সপ্রেস, নরসিংদীর দৌলতকান্দি স্টেশনে কর্ণফুলী মেইল, শ্রীনিদী স্টেশনে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনসহ বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি মেইল ও লোকাল ট্রেন আটকা পড়ে। এতে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগের শিকার হন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে ঢাকা বিভাগের সহকারী পরিবহন কর্মকর্তা মজিবুর রহমানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।