পূর্বাঞ্চলের নিচু এলাকায় পানি

ঢাকার পূর্বাঞ্চলের অনেক নিচু এলাকায় পানি জমে বন্যার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে ডেমরার পাইটি, আমুলিয়া, বাসাবোর পূর্বদিকের নন্দীপাড়া, মাদারটেক এবং বেরাইদ, সাতারকুলসহ পার্শ্ববর্তী অনেক এলাকার মানুষ এখন পানিবন্দী। গতকাল মঙ্গলবার এসব এলাকা ঘুরে এ অবস্থা দেখা গেছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, রূপগঞ্জে বালু নদ ও শীতলক্ষ্যার মোহনা পথের পানি নিম্নাঞ্চলে ঢুকেছে। যার ফলে পূর্বাঞ্চলীয় অনেক এলাকা পানিতে ভরে গেছে। টঙ্গী খাল দিয়েও পানি ঢুকে আশুলিয়া ও আশপাশের এলাকা প্লাবিত হচ্ছে। এসব এলাকা পশ্চিমাঞ্চলীয় বাঁধের বাইরে। পাউবো ঢাকাতে পানি ঢোকার আরও কয়েকটি কারণ চিহ্নিত করেছে। এটা হলো, ভারী বৃষ্টি হওয়া এবং অমাবস্যার প্রভাবে পানি বেড়ে যাওয়া।
পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ঢাকার অন্যান্য এলাকায় আরও বেশি মাত্রায় পানি ঢুকতে পারত, যদি ২৮ জুলাই থেকে ব্রহ্মপুত্রের পানি কমার দিকে না যেত। ঢাকা ও চারপাশের এলাকা পড়েছে ব্রহ্মপুত্র অববাহিকায়। এ ছাড়া গঙ্গা বেসিনের পানি কমে যাওয়ার কারণেও ঢাকায় খুব বেশি পানি ঢুকতে পারেনি। তবে ভারী বৃষ্টিপাত হলে ঢাকার নিম্নাঞ্চলকে আরও বিপজ্জনক করে তুলতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘বালু নদের পানি বিপৎসীমার প্রায় কাছাকাছি চলে এসেছিল। আমরা খুব আশঙ্কায় ছিলাম, পানি বাড়ছে কি না, কী হয়। তারপরই কমার লক্ষণ দেখা যায়।’ তিনি বলেন, ধলেশ্বরী নদীপথেও ঢাকায় পানি ঢোকে। আশার কথা হচ্ছে, এক সপ্তাহ ধরে ধলেশ্বরীর পানি কমতে শুরু করেছে। এ ছাড়া আগামী তিন-চার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। গতকাল দুপুরে এলাকায় গিয়ে দেখা যায়, মাদারটেক, আদর্শপাড়া, নন্দীপাড়া, রাজারবাগের নিচু এলাকায় পানি জমেছে। নন্দীপাড়ার বয়োজ্যেষ্ঠ বাসিন্দা আবুল হোসেন দুঃখ করে বলেন, দেশে বন্যা বা ভারী বৃষ্টি হলে ঢাকার কোথাও না হলেও তাঁদের এলাকার ঘরে পানি ঢোকে।
আদর্শপাড়ার পেছনের দিকে বাসা ভাড়া নিয়ে থাকা একটি বেসরকারি সংস্থার কর্মচারী আকিল উদ্দিন বলেন, ভাড়া কম বলে এখানে থাকেন। বাসায় পানি জমায় পানি মাড়িয়ে বাইরে যেতে হয়। পানির কারণে পরিবারের সদস্যদের পাঠিয়ে দিয়েছেন বাসাবোতে বোনের বাড়ি। চুরির ভয়ে তিনি বাসাতেই থাকছেন।
প্লাবিত কিছু এলাকায় এরই মধ্যে পানিতে দুর্গন্ধ দেখা দিয়েছে। বিশেষ করে নন্দীপাড়া ও মাদারটেকে অনেক বাড়ির ট্যাংকে ময়লা পানি ঢুকে পড়েছে।
পানির পাম্প এলাকায় কথা হয় ভুক্তভোগী ব্যক্তিদের সঙ্গে। আবদুর রশিদ নামে মাদারটেকের একজন বাসিন্দা জানান, প্রতিবছরই বর্ষাকালে তাঁদের সমস্যা হয়। তবে এবারের মতো দুর্ভোগ তিন-চার বছরের মধ্যে হয়নি। ঘর থেকে বেরিয়ে বিষাক্ত পানি মাড়িয়ে আসতে হয়।
নন্দীপাড়ার উন্নতমানের বস্তিতে বসবাস করেন নজির মিয়া। তিনি জানান, পচা পানি মাড়িয়ে অনেক বস্তিবাসীর চর্মরোগ দেখা দিয়েছে। বিশুদ্ধ পানির অভাবে পেটের পীড়া হচ্ছে, বিশেষ করে শিশুদের।
রাজধানীর পূর্বাঞ্চলীয় এলাকা ঢাকা ওয়াসার ৬ নম্বর অঞ্চলের অধীনে। এ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী রাজ্জাক শিকদার প্রথম আলোকে বলেন, বন্যার পানির কারণে ওয়াসার পানির লাইনে ময়লা পানি ঢুকেছে। দূরদূরান্ত থেকে পানি সংগ্রহ করায় বেশি সময় পাম্প চালু রাখতে হচ্ছে। তবে আশা করা যায়, পানি নেমে যাবে।
পূর্বাঞ্চলীয় এলাকা ত্রিমোহনী, দাসাকান্দি, ফকিরখালি, বেরাইদসহ আশপাশের এলাকার নিম্নাঞ্চলে এখন হাঁটুপানি। এসব এলাকায় খাবার পানির সমস্যার কথাও জানা গেছে।
বালু নদের পশ্চিম পাড়সংলগ্ন ডেমরার আমুলিয়া, মেহেন্দিপুর, কায়েকপাড়া, পাইটিসহ পুরো এলাকায় পানি জমেছে। নিম্নাঞ্চলে যাতায়াতের জন্য নৌকাও ব্যবহৃত হচ্ছে। সেখানে টিনের ঘরগুলো আগেই তলিয়ে ছিল।