মানবতাবিরোধী অপরাধের বিচার: ১৯তম সাক্ষীর জবানবন্দি
পূর্বানুমতি ছাড়া নিজামীকে অন্য আদালতে হাজির নয়

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা ৮ সেপ্টেম্বর থেকে প্রতি কার্যদিবসে চলবে। এ জন্য কারা কর্তৃপক্ষকে প্রতি কার্যদিবসে তাঁকে ট্রাইব্যুনালে হাজির করতে হবে। তাই ওই সময়ে তাঁকে অন্য কোনো বিচারিক আদালতে হাজির করতে হলে কারা কর্তৃপক্ষকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর অনুমতি নিতে হবে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল সোমবার এ আদেশ দেন। আদেশে বলা হয়, ট্রাইব্যুনালের পূর্বানুমতি ছাড়া কারা কর্তৃপক্ষ অন্য কোনো বিচারিক আদালতে নিজামীকে হাজির করতে পারবে না। প্রতি কার্যদিবসে মামলা পরিচালনার জন্য রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষকে প্রস্তুত থাকতে হবে। উল্লেখ্য, চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন ১০ ট্রাক অস্ত্র আটক মামলারও আসামি নিজামী। ওই মামলায় হাজিরার জন্য তাঁকে মাসে ছয় দিন চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। এতে ওই সময় নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম মুলতবি থাকে।
এদিকে নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৯তম সাক্ষী মো. আবু সামা ফকির (৭০)। জবানবন্দিতে তিনি বলেন, তাঁর বাড়ি পাবনার সাঁথিয়া থানার তলট গ্রামে। একাত্তরের ২৮ এপ্রিল বেড়া থানার বনগ্রামের ইপিআর নজরুল, আনসার শুকুর আলী, জয়নাল প্রমুখের সঙ্গে মুক্তিযুদ্ধ নিয়ে পরামর্শ করে সকাল ৯টা-১০টার দিকে বাড়ি ফিরছিলেন। তিনি করমজার নিশিপাড়া কালীবাড়ির পূর্ব দিক থেকে সাঁথিয়ার রাস্তার পাশে দাঁড়ালে দেখেন, পূর্ব দিক থেকে সাঁথিয়ার দিকে পাকিস্তানি সেনাদের একটি গাড়ি যাচ্ছে। তিনি রাস্তার পাশে ঝোপে লুকান। দেখেন, গাড়িতে সেনা কর্মকর্তাদের পাশে মতিউর রহমান নিজামী বসে আছেন। পেছনে সেনাদের সঙ্গে বসা ছিল আরও কয়েকজন বাঙালি। তিনি দেখেন, হাবিবুর রহমান ও আক্কাস পশ্চিম থেকে পূর্ব দিকে যাওয়ার সময় সেনাদের গাড়ি দেখে দৌড়ে একটি তেঁতুলগাছের আড়ালে লুকান। গাড়িটি ওই গাছের পাশে থামে। নিজামী পাশে বসা সেনা কর্মকর্তাকে ইশারায় কিছু একটা বলেন। তখন গাড়ি থেকে দুজন সেনা নেমে তেঁতুলগাছের আড়ালে লুকিয়ে থাকা হাবিবুর ও আক্কাসকে গুলি করে হত্যা করে। এরপর গাড়িটি পশ্চিমে না গিয়ে পূর্ব দিকে ফিরে যায়। কিছুক্ষণ পর তিনি ওই গাছের পাশে গিয়ে হাবিবুর ও আক্কাসকে গুলিবিদ্ধ ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি হাবিবুরের বাড়িতে গিয়ে তাঁর স্বজনদের এ খবর দিয়ে বাড়ি যান।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী আরও বলেন, একাত্তরের ৮ মে ফজরের নামাজের পর তিনি করমজা গ্রামের দিক থেকে প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনেন। তিনি ভয়ে বাড়ি থেকে বেরিয়ে বাঁশঝাড়ে গিয়ে লুকান। ঘণ্টা খানেক পর গোলাগুলির শব্দ থামলে তিনি করমজার দিকে গিয়ে দেখেন, মেগা ঠাকুরের বাড়ির পূজাঘরের পাশে মেগা ঠাকুর, দ্বিজু ঠাকুর, করু ঠাকুর, ষষ্ঠী হালদার, কার্তিক হালদার, শান্ত হালদার, মুরালি মালি ও ফকির চাঁদসহ নয়জন গুলিবিদ্ধ ও রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। তিনি শোনেন, দুই নারীকে পাকিস্তানি সেনা ও রাজাকাররা ধর্ষণ করেছে। উপস্থিত লোকজনের কাছে তিনি জানতে পারেন, নিজামী, রফিকুননবী বাবলু, আফজাল, আসাদ, শুকুর খান প্রমুখ পাকিস্তানি সেনাদের দেখিয়ে দিয়ে এ ঘটনা ঘটিয়েছে।
জবানবন্দির শেষ পর্যায়ে আসামির কাঠগড়ায় থাকা নিজামীকে শনাক্ত করেন আবু সামা ফকির। তাঁকে আসামিপক্ষের জেরার জন্য ৮ সেপ্টেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।