চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের কর্মীদের বিরুদ্ধে করা দুটি মামলার বিচারকাজ শুরু হয়নি৷ বিচারকাজ শুরু করতে সরকারের পূর্বানুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হলেও কোনো আদেশ এসে পেঁৗছায়নি।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে মামলা দুটির কেস ডকেট (সিডি) রয়েছে। এরই মধ্যে জামিনে মুক্তি পেয়েছেন মামলার আসামিরা।
চট্টগ্রাম মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নগরের পাঁচলাইশ থানায় হিযবুত তাহরীরের কর্মীদের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। কিন্তু বিচার শুরু করা যায়নি এক বছরেও। মামলাগুলোর বিচার শুরু করতে সরকারের পূর্বানুমোদনের জন্য গত বছরের মে মাসে স্বরাষ্ট্রসচিব বরাবরে চিঠি দেন মহানগর দায়রা জজ। কিন্তু এখনো কোনো আদেশ পাওয়া যায়নি।’
পিপি আরও বলেন, দ্রুত বিচার শুরু না হলে পলাতক কিংবা গ্রেপ্তার এড়িয়ে থাকা বাকি জঙ্গিরা অপরাধ করতে উৎসাহিত হবে।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৩ সালের ১৯ জানুয়ারি চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড় এলাকা থেকে হিযবুত তাহরীরের সাত কর্মীকে প্রচারপত্রসহ গ্রেপ্তার করে র্যাব৷ এ ঘটনায় র্যাব-৭-এর উপসহকারী পরিচালক কাজী মিজানুর রহমান সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় মামলা করেন। তদন্ত শেষে পাঁচলাইশ থানার পুলিশ হিযবুত তাহরীরের কর্মী এমদাদুল ইসলাম, শরিফুল ইসলাম, লোকমান, কাজী সাইফুল ইসলাম, রহিম মিয়াজী ও মাহবুবুল আলমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। এতে আরাফাত নামের একজনকে অব্যাহতির আবেদন করা হয়৷ এ ছাড়া পাঁচলাইশ থানার পুলিশ অপর একটি মামলায় হিযবুতের কর্মী আজিম উদ্দিন ও আনোয়ার হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
চিঠিতে বিচারক উল্লেখ করেন, ‘সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ৪০(২) ধারায় উল্লেখ করা হয়েছে, সরকারের পূর্বানুমোদন ব্যতিরেকে কোনো আদালত এই আইনের অধীন কোনো অপরাধ বিচারার্ধ আমলে গ্রহণ করিবে না।’