পৃথক ইউনিয়ন পরিষদ হচ্ছে না দাসিয়ারছড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের জেলা প্রশাসক এক সোশ্যাল মিডিয়া সংলাপে জানিয়েছেন, সরকারি শর্ত পূরণ না করতে পারায় অধুনা লুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া ইউনিয়ন হচ্ছে না। গতকাল বুধবার জেলা প্রশাসন হলরুমে ‘অধুনা লুপ্ত ছিটমহলের উন্নয়নে বিভিন্ন সরকারি দপ্তরের ভূমিকা’ শীর্ষক এ সোশ্যাল মিডিয়া সংলাপ হয়।
জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা পালন করেন। এতে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানসহ সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। সংলাপে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আক্তার হোসেন আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) রফিকুল ইসলাম, সিভিল সার্জন জয়নাল আবেদিন, অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন, সলিডারিটির নির্বাহী পরিচালক হারুন অর রশীদ প্রমুখ।
সংলাপে বিলুপ্ত ছিটমহলবাসীর ৬৮ বছরের বঞ্চনা দূরীকরণে সরকারের বিভিন্ন চলমান কার্যক্রম তুলে ধরা হয়। বাংলাদেশের অভ্যন্তরে সদ্য বিলুপ্ত ১১১টি ছিটমহলের মধ্যে দাসিয়ারছড়া সবচেয়ে বড়। এরই মধ্যে এখানে ৬৫৩ বাড়িতে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। শিগগিরই বাকি পরিবারগুলোর বাড়িতেও বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। কৃষি, প্রাণিসম্পদ, যুব উন্নয়ন, মৎস্য, সমাজসেবাসহ বিভিন্ন বিভাগ ইতিমধ্যে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছে। সেই সঙ্গে সংলাপে আরও জানানো হয়, একটি ইউনিয়ন পরিষদ গঠনে সর্বনিম্ন ২০ বর্গকিলোমিটার ভূমি ও ২০ হাজার জনবসতি লাগে। কিন্তু দাসিয়ারছড়ায় আছে ৬ দশমিক ৬৫ বর্গকিলোমিটার ভূমি এবং লোকসংখ্যা ৬ হাজার ৬৮০ জন। স্থানীয় সরকার বিভাগের শর্ত পূরণ না হওয়ায় দাসিয়ারছড়াবাসীর স্বতন্ত্র ইউনিয়ন পরিষদের দাবি মেটানো সম্ভব হচ্ছে না। এ ছাড়া সরকারের প্রতি পরিবার থেকে একজনকে চাকরি দেওয়ার বিষয়টিও এই মুহূর্তে ছিটবাসী পাচ্ছে না। সরকারি নীতিমালায় না থাকায় কোটাপদ্ধতির সুবিধাও তাঁরা পাবেন না। তবে স্থানীয়ভাবে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে বলে সংলাপে জানানো হয়। এরই মধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বসানো হয়েছে পুলিশ চৌকি।