পৃথক ঘটনায় দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নিউ ইস্কাটনে বন্ধুদের পিটুনিতে আহত গাড়িচালক বাদল বিশ্বাস (২৫) গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে মারা গেছেন। এ ছাড়া গতকাল মধ্যরাতে পুলিশ পাইকপাড়ার আহমেদনগর এলাকার একটি বাসার দরজা ভেঙে আবদুস সালাম (৫৬) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
রমনা থানার পুলিশ জানায়, বাদলের কাছে টাকা পেত তাঁর কয়েক বন্ধু। গত মঙ্গলবার সন্ধ্যায় এ নিয়ে বিরোধের জের ধরে বন্ধুরা নিউ ইস্কাটন এলাকায় তাঁর বাসার কাছে তাঁকে বাঁশ ও লাঠি দিয়ে পেটায়। সেদিন হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যায় তাঁকে হলিফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে আহমেদনগরে সালাম জমি বেচাকেনায় মধ্যস্থতা করতেন। তিনি ছাড়া ওই বাসায় অন্য কেউ থাকতেন না। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন খান বলেন, সালামের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় নিহত ২: গতকাল রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি মারা গেছেন। তাঁরা হলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী রঞ্জন দেবনাথ (৫০) ও প্রিন্টিং ব্যবসায়ী সহিদ আখন্দ (৫০)।
পুলিশ জানায়, রাত সাড়ে সাতটার দিকে মতিঝিলের শাপলা চত্বরে বলাকা পরিবহনের একটি বাস রঞ্জন দেবনাথকে চাপা দিলে তিনি আহত হন। রক্তাক্ত অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রঞ্জন দেবনাথের স্ত্রী বীণা দেবনাথ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ নার্স। তাঁরা শনির আখড়ায় থাকতেন।
এ ছাড়া রাত ১০টার দিকে কমলাপুরে টিটিপাড়া রেলক্রসিংয়ে বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ব্যবসায়ী সহিদকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় রাত সোয়া ১১টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।