পৃথক ঘটনায় চারজনের অস্বাভাবিক মৃত্যু
পৃথক ঘটনায় রাজশাহীর পবা, সিরাজগঞ্জের কামারখন্দ ও নাটোরের বড়াইগ্রাম উপজেলায় চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: পবা উপজেলার হাজরাপুকুর গ্রামে গতকাল সোমবার দুপুরের দিকে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু হলো গ্রামের হাবিবুর রহমানের ছেলে শুভ রহমান (১০) ও রিয়াজুল ইসলামের মেয়ে কলি মুক্তা (৬)। দুপুরে শুভ ও মুক্তা বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় বাড়ি ফিরে না এলে দুই পরিবারের লোকজন তাদের খোঁজ শুরু করে। পরে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জ: কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত (১৭) এক কিশোরের মৃত্যু হয়েছে। ঈশ্বরদী থেকে ট্রেনটি সিরাজগঞ্জ পৌর শহরের বাজার স্টেশনে আসার পথে জামতৈল স্টেশনে বিরতি করে। এ সময় ট্রেনের ছাদ থেকে ওই কিশোর নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। সিরাজগঞ্জ জিআরপি থানার এএসআই মজিবর রহমান বলেন, ধারণা করা হচ্ছে ঘাটিনা রেল সেতুর সঙ্গে ধাক্কায় তার মাথা ও কপাল ফেটে যায়। ট্রেনটি স্টেশনে থামার পর সে নিচে পড়ে যায়।
নাটোর: বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের আটাই গ্রামের পাংগীর বিলের পাড়ের কলিমুদ্দিনের স্ত্রী আছমা বেগমকে (৪৫) রোববার রাতে ঘুমন্ত অবস্থায় সাপ কামড় দেয়। গতকাল সোমবার ভোরে নিজ বাড়িতে তিনি মারা যান।
ইউপি চেয়ারম্যান সামসুজ্জোহা বলেন, স্থানীয় ওঝা দিয়ে ঝাড়ফুঁক করার একপর্যায়ে তাঁর মৃত্যু হয়।