পৃথক ঘটনায় চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী, উত্তরা ও শাহজাহানপুরে গতকাল সোমবার পৃথক ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। তারা হলেন মাইনুদ্দিন মিয়া (৭০), নির্মাণশ্রমিক দ্বীন ইসলাম (৪০), গৃহকর্মী খোদেজা আক্তার (৫০) ও অজ্ঞাত কিশোর। এঁদের একজন বাসচাপায়, একজন ট্রেনে কাটা পড়ে ও দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, বিকেলে শনির আখড়া এলাকায় একটি বাস মাইনুদ্দিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের খালিরটেকে। প্রায় একই সময়ে উত্তর যাত্রাবাড়ীর নির্মাণাধীন একটি ভবনে রড তুলতে গিয়ে বিদ্যুতের মূল সঞ্চালন লাইনের সঙ্গে একটি রডের সংযোগ ঘটলে বিদ্যৎস্পৃষ্ট হন দ্বীন ইসলাম। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুটি ঘটনার একটিতেও কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা হয়নি।
এদিকে উত্তরা ৯ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের একটি বাসায় গতকাল দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হন গৃহকর্মী খোদেজা আক্তার। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বিকেল পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁকে বাঁচাতে গিয়ে গৃহকর্ত্রী সৈয়দা জাহানারা (৭০) আহত হয়েছেন। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার কামাল হোসেন এ ঘটনা নিশ্চিত করে বলেন, খোদেজার গ্রামের বাড়ি জামালপুর জেলার ইসলামপুরে। বেশ কিছুদিন ধরে তিনি ওই বাসায় কাজ করছিলেন।
এদিকে শাহজাহানপুর এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেসে কাটা পড়ে এক কিশোর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু।
নিহত কিশোরের বয়স আনুমানিক ১৪ বছর।