পৃথক ঘটনায় ছাত্রী, যুবক ও শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক তিনটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন এবং ওপর থেকে ইট পড়ে আরেকজন মারা গেছে।পুলিশ ও মৃত ব্যক্তিদের পারিবারিক সূত্র জানায়, তুরাগ থানার কুর্মিটোলা স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ঝুমা আক্তার (১৪) তার মা-বাবার সঙ্গে খিলক্ষেতের ৭০ নামাপাড়া টিনশেডের বাড়িতে থাকত। সে বৃহস্পতিবার রাত নয়টার দিকে মা-বাবার সঙ্গে রাগ করে শোবার ঘরের ভেতর থেকে সিটকিনি লাগিয়ে দেয়। এরপর সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ওই বাসা থেকে খিলক্ষেত থানায় ঘটনাটি জানানো হয়। পুলিশ এসে দরজা ভেঙে সিলিং ফ্যান থেকে ঝুমার ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।ঝুমার বাবা সিএনজিচালক ফিরোজ মিয়া জানান, সে ছোটবেলা থেকেই জেদি স্বভাবের ছিল। সামান্য কথায় সে বাড়িতে তুলকালাম কাণ্ড ঘটাত। এ ব্যাপারে খিলক্ষেত থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।গতকাল শুক্রবার সকালে ফার্মগেটসংলগ্ন খামারবাড়ির একটি ক্যানটিনের পাশে পাম্পের সুইচ অন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন নোমান (২৬) নামের এক যুবক। সংজ্ঞাহীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বাবার নাম মিন্টু মিয়া। গ্রামের বাড়ি ভোলার আলীনগরে।ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর রিং রোডে নির্মাণাধীন একটি বাড়ির নিচতলায় বসে কাজ করছিল নির্মাণশ্রমিক সাহেব আলী (১৬)। এ সময় ওপর থেকে একটি ইট তার মাথায় পড়লে সে গুরুতর আহত হয়। সংজ্ঞাহীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে খিলক্ষেত, তেজগাঁও ও মোহাম্মদপুরে পৃথক তিনটি অপমৃত্যুর মামলা হয়েছে।