পৃথক ঘটনায় তিন স্থানে তিনজন খুন
মেহেরপুরের গাংনীতে গতকাল শনিবার নিজাম উদ্দিন (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রাজবাড়ীর গোয়ালন্দে দুর্বৃত্তদের হামলায় খুন হয়েছেন মো. রুবেল শেখ (২৩) নামের এক তরুণ। গতকাল দুপুরে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে নড়াইলের লোহাগড়ার কালনা গ্রামে চাচাতো ভাই ও তাঁর লোকজনের হামলায় কোবাদ শেখ (৪০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:মেহেরপুর: নিজাম উদ্দিনের ছোট ভাই সেলিম উদ্দিন (৪৫) জানান, প্রতিদিনের মতো গত শুক্রবার রাতে বাড়িতে খাবার খেয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পে হাজিরা দিয়ে গাংনীর পাটাপুকা বিল পাহারার কাজে যান নিজাম। ওই দিন দিবাগত রাতে মুখোশধারী সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটায়। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। পাটাপুকা বিলের মালিক কাওসার আহমেদ জানান, নিজামসহ পাঁচজন তিন বছর ধরে তাঁর বিল পাহারা দিচ্ছেন। রাতে ১৪-১৫ জন অস্ত্রধারী নিজামকে বিল থেকে তুলে নিয়ে যায়। এ সময় দুজনকে হাত-পা বেঁধে ঘরে আটকে রাখা হয়।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম জানান, খবর পেয়ে গতকাল সকালে গাংনীর ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামের একটি পাটখেত থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।গোয়ালন্দ (রাজবাড়ী): গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, গতকাল সকাল ১০টার দিকে গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) পেছনে পদ্মা নদীর পাড় এলাকা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় রুবেলের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করা হয়। এ সময় তাঁর দুই হাত বাঁধা ছিল। রুবেল নিষিদ্ধঘোষিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) একজন সক্রিয় কর্মী ছিলেন। অভ্যন্তরীণ কোন্দলের কারণে তিনি খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ২০১২ সালের ৪ অক্টোবর বিদেশি পিস্তলসহ তিনি গ্রেপ্তার হন। এরপর তিনি জামিনে বের হয়ে তিনি গা ঢাকা দেন।তবে পরিবারের দাবি তিনি কখনোই চরমপন্থী সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন না। এ ঘটনায় রুবেলের বাবা রহমত শেখ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে গতকাল বিকেলে মামলা দায়ের করেছেন।লোহাগড়া (নড়াইল): পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, কোবাদ শেখের তিনটি হাঁসের বাচ্চা কয়েক দিন আগে হারিয়ে যায়। কোবাদের চাচাতো ভাই জাহাঙ্গীর শেখের স্ত্রী বাচ্চাগুলো তাঁদের বাড়িতে আটকে রেখেছেন বলে কোবাদের স্ত্রী আনোয়ারা বেগম দাবি করেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কয়েক দিন ধরে বিবাদ চলছিল। এর জের ধরে গত শুক্রবার রাতে জাহাঙ্গীর তাঁর লোকজন নিয়ে তাঁদের ওপর হামলা চালান। হামলায় কোবাদের মাথায় লাঠির আঘাত লাগে। এতে তাঁর স্ত্রী আনোয়ারা বেগমের বাঁ হাত ভেঙে যায়। তাঁদের প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে গতকাল ভোরে কোবাদ মারা যান।লোহাগড়া থানার ওসি হাফিজ ইকবাল জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।