পৃথক ঘটনায় তিনজনের মৃত্য
চট্টগ্রামে পৃথক তিনটি ঘটনায় তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। এর মধ্যে গতকাল শুক্রবার মাথায় লোহার পাত পড়ে মারা গেছেন মো. রাশেদ (২২) নামের এক কলেজছাত্র। অন্য দুজন সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এঁরা হচ্ছেন মো. আলাউদ্দিন (২৬) ও পরিমল চৌধুরী (৮১)।
পুলিশ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহর এলাকায় নির্মাণাধীন ভবন থেকে মাথায় লোহার পাত পড়ে গুরুতর আহত হন মো. রাশেদ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক রাশেদকে মৃত ঘোষণা করেন। বন্দর থানার উপপরিদর্শক শরীফুজ্জামান ভুঁইয়া জানান, রাশেদ চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁর বাবার নাম আমির হোসেন।
এদিকে বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ডের ভাটিয়ারীতে এস এস পেপার মিলে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন আলাউদ্দিন নামের একজন শ্রমিক। আহত অবস্থায় সোয়া একটার দিকে চমেক হাসপাতালে তিনি মারা যান। আলাউদ্দিন রাঙ্গুনিয়ার আনসারুল হকের ছেলে।
এ ছাড়া বৃহস্পতিবার রাত ১২টার দিকে রাউজান সদর এলাকায় বাসের ধাক্কায় পরিমল চৌধুরী নামের একজন বৃদ্ধ আহত হন। গুরুতর অবস্থায় তাঁকে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।