পৃথক ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু
রাজধানীতে গতকাল শুক্রবার পৃথক ঘটনায় দুই শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, গতকাল বিকেল চারটার দিকে সারুলিয়ার বাউল বাজারসংলগ্ন সড়কে ডেমরা ঘাট থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকটির ওপর বসে থাকা কবীর হোসেন (২৪) বালুর নিচে চাপা পড়েন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কবীরের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলা সদরে। বাবার নাম আবুল হাশেম।অন্য ঘটনায় রাজধানীর কামরাঙ্গীরচরে গতকাল সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজহারুল ইসলাম (২২) নামের এক নির্মাণশ্রমিক মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে কামরাঙ্গীরচরের হোসেন নগরে একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আজহারুল। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজহারুল কামরাঙ্গীরচরের আবু সাইদ ভিটা নামক এলাকায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহে। বাবার নাম আবদুল মোতালেব।