পৃথক ঘটনায় দুজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় গতকাল বুধবার দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন ইমরানুল হক (৪৫) নামের এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। এ ছাড়া পুলিশ শিউলি বেগম (১৯) নামের এক পোশাকশ্রমিকের লাশ উদ্ধার করেছে।
ঢাকা রেলওয়ে থানা (জিআরপি) সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সোয়া সাতটার দিকে রাজধানীর মহাখালী রেলক্রসিং পার হওয়ার সময় চলন্ত ট্রেনে কাটা পড়ে ইমরানুল হক মারা গেছেন। তাঁর বাড়ি কক্সবাজারের মহেষখালীতে। তাঁর বাবার নাম মৃত মুজিবুল হক।
জিআরপি থানার ওসি মো. ইয়াছিন ফারুক মজুমদার বলেন, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি মারা গেছেন।
একই দিন সন্ধ্যায় পুলিশ পুরান ঢাকার বংশালের আলুবাজারের ভাড়া বাসা থেকে পোশাকশ্রমিক শিউলির লাশ উদ্ধার করে।
বংশাল থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, শিউলির সঙ্গে ওই বাসায় আরও দুই নারী থাকতেন। গতকাল সন্ধ্যায় তাঁরা বাসায় ফিরে শিউলিকে ডেকে সাড়া পাননি। পরে তাঁরা দরজায় ধাক্কা দিলে তা খুলে যায়। এ সময় তাঁরা ভেতরে ঢুকে দেখতে পান একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় শিউলির লাশ ঝুলছে। পরে তাঁরা সিলিং ফ্যান থেকে নামিয়ে থানায় খবর দেন। ধারণা করা হচ্ছে, ঘটনাটি আত্মহত্যাজনিত।