পৃথক ঘটনায় দুজনের মৃত্যু
পৃথক ঘটনায় গতকাল রাজধানীতে দুজনের মৃত্যু ঘটেছে। তঁাদের মধ্যে জহিরুল ইসলাম নামের এক রিকশাচালক ট্রেনের ধাক্কায় মারা গেছেন। কাফরুলে হাবিবুর রহমান নামের এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী মারা গেছেন দুর্ঘটনায়।
কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় নিহত ১: কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় মো. জহিরুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে সাতটার দিকে কারওয়ান বাজারের শুঁটকিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহিরুল পেশায় রিকশাচালক। তিনি সিরাজগঞ্জের কাজীপুর এলাকার ইউসুফ শেখের ছেলে। নিহত জহিরুলের রিকশার মালিক রায়হান বলেন, জহিরুল মিরপুরের পাইকপাড়া এলাকায় একটি রিকশার গ্যারেজে থাকতেন। সকালে তিনি ব্যক্তিগত কাজে কারওয়ান বাজারের শুঁটকিপট্টি এলাকায় আসেন। রেললাইন ধরে হাঁটার সময় টঙ্গীগামী ও ঢাকাগামী দুটি ট্রেনের মাঝে ধাক্কা লেগে জহিরুল মাথায় আঘাত পান। স্থানীয় ব্যক্তিরা জহিরুলের সেলফোন থেকে নম্বর নিয়ে তাঁকে (রায়হান) খবর দেন। পরে স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় তিনি জহিরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
কাফরুলে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু: কাফরুলে হাবিবুর রহমান নামের এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে গতকাল রোববার।
কাফরুল থানা বলছে, হাবিবুর রহমান কাফরুলে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে কাজ করতেন। সেখানে দুর্ঘটনা ঘটলে হাবিবুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। সেখানে তিনি মারা যান।