পৃথক ঘটনায় পাঁচজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল বুধবার পৃথক ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। হাজারীবাগে পয়োনালায় পড়ে মারা গেছেন এক দিনমজুর। বনানীতে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন দুজন। দক্ষিণখানে এক যুবক আত্মহত্যা করেছেন। কাফরুল থেকে উদ্ধার করা হয়েছে নবজাতকের লাশ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, হাজারীবাগে পয়োনালার ভেতর পড়ে আবুল হোসেন নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। গতকাল বেলা সাড়ে পাঁচটার দিকে আবুল হোসেন হাজারীবাগে শাম্মী ট্যানারির সামনে পয়োনালা পরিষ্কার করতে নেমে নিখোঁজ হন। প্রায় ঘণ্টা খানেক খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিস সদস্য মনিরউদ্দিন সরকারের নেতৃত্বে পাঁচজনের একটি দল তাঁকে উদ্ধার করে। পরে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আবুল হোসেনের বাড়ি রংপুরের পীরগাছার বালিয়ার গ্রামে। দুই ছেলে ও এক মেয়ের জনক আবুল হোসেন ঢাকার হাজারীবাগে থাকতেন।
দক্ষিণখানে যুবকের আত্মহত্যা: দক্ষিণখানে নিজ বাসায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় মো. শামীম নামের এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। শামীম উত্তরার একটি বায়িং হাউসে চাকরি করতেন। সদ্য বিবাহিত শামীম কেন আত্মহত্যা করলেন সে সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
শামীমের বাবা শাহজাহান মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমি বাসায় ফিরে খাওয়াদাওয়া করে শুয়ে পড়ছিলাম। হঠাৎ ওর মা ডাইকা বলে ছেলে-ছেলের বউকে বারবার ডাইকাও সাড়া পাওয়া যাইতেছিল না। পরে ছেলের বউ দরজা খুইলা দিলে দেখি বারান্দায় রেলিংয়ে ছেলের লাশ ঝুলতেছে।’ ছেলের বউ তখন ঘুমাচ্ছিলেন বলেও জানান শাহজাহান মিয়া। রাত আড়াইটার দিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা শামীমকে মৃত ঘোষণা করেন।
রেলে কাটা পড়ে দুজনের মৃত্যু: বনানী রেলক্রসিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মকর্তা আমির হোসেন মারা গেছেন। ট্রেন যাওয়ার সংকেত দেওয়ার পর তিনি দৌড়ে রেললাইন পার হতে গিয়ে মারা যান। বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ঢাকা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মজিদ। এ ছাড়া সকাল পৌনে নয়টার দিকে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মারা গেছেন আরও একজন। আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় গতকাল রাত আটটা পর্যন্ত জানা যায়নি।
নবজাতকের লাশ উদ্ধার: কাফরুলে শহীদ পুলিশ স্মৃতি কলেজের উল্টো দিকে সরকারি স্টাফ কোয়ার্টারের ভেতর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার হয়েছে। গত মঙ্গলবার রাত আটটার দিকে লাশটি উদ্ধার হয়।