পৃথক ঘটনায় সাতজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় জাসদের সাবেক স্থানীয় এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ছাড়া ফরিদপুর, রাজবাড়ী, খুলনা, মাদারীপুর ও ভোলায় আরও ছয়জন খুন হয়েছেন। গত সোম ও গতকাল মঙ্গলবার দুই দিনে তাঁদের লাশ উদ্ধার করা হয়।
ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুষ্টিয়া: মিরপুর উপজেলায় সোমবার সকালে দুর্বৃত্তদের গুলিতে ইসমাইল হোসেন ওরফে পাঞ্জের (৫৫) নামের একজন নিহত হন। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কুষ্টিয়া মিরপুর উপজেলা শাখার সাবেক সহসভাপতি ছিলেন। গতকাল মঙ্গলবার ইসমাইলের ছেলে আবদুল্লাহ মিরপুর থানায় হত্যা মামলা করেছেন।
মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে।
ফরিদপুর: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার সকালে চরভদ্রাসন উপজেলার পার্শ্ববর্তী উত্তর আলমনগর গ্রামের আবুল কাশেম বেপারী (৪০) কয়েকজন সহযোগীকে নিয়ে ডাঙ্গি গ্রামের দলিল উদ্দিন মোল্লাকে (৬০) কিল-ঘুষি ও লাথি মারেন। এতে দলিল অচেতন হয়ে পড়েন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা হয়েছে।
একই দিন দুপুরে ভাঙ্গা উপজেলার বালিয়াচরা গ্রামের বিল ফরিদপুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় হবি শেখ (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ী: সদর উপজেলার বড় ভবানীপুর গ্রাম থেকে সোমবার সকালে অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর থানার এসআই ওয়াদুদ আলম বলেন, বড় ভবানীপুর গ্রামের একটি মেহগনিবাগানে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যক্তিরা থানায় খবর দেন। লাশের গলায় ওড়না পেঁচানো ছিল।
খুলনা: তেরখাদা উপজেলায় কাজী ওলিয়ার রহমান (৬০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, দীর্ঘদিন আগের একটি সালিসকে কেন্দ্র করে উপজেলার হাঁড়িখালি গ্রামের শাকির শেখ ও ছাগলাদহ গ্রামের কাজী ওলিয়ার রহমানের সঙ্গে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে কয়েক দিন আগে ওলিয়ারের ঘরে আগুন দেয় শাকির। পরে সোমবার সন্ধ্যায় ওলিয়ারের লোকজন গিয়ে শাকিরকে কুপিয়ে আহত করেন। এর কিছুক্ষণ পর শাকিরের লোকজন ওলিয়ারের বাড়ি গিয়ে তাঁকে কুপিয়ে জখম করেন। এ সময় ওলিয়ারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতে অবস্থার অবনতি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
কালকিনি (মাদারীপুর): কালকিনির দক্ষিণ খিলগ্রামের কালাম মোল্লার মেয়ে বীথি খানমের (২০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গত ১০ মার্চ বাড়ি থেকে নিখোঁজ হন বীথি।
ভোলা: লালমোহন উপজেলার দেবীরচর গ্রামে বাবুল মেলকার (২০) নামের এক শ্রমিককে কে বা কারা খুন করেছে। সোমবার বিকেলে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা হত্যা মামলা করেছেন।