পৃথক ঘটনায় সাতজনের অপমৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন স্থানে গত দুই দিনে পৃথক ঘটনায় সাতজনের অপমৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন সড়ক দুর্ঘটনায়, তিনজন ট্রেনের ধাক্কায় ও ট্রেনে কাটা পড়ে, একজন বিষক্রিয়ায়, একজন গলায় ফাঁসজনিত কারণে এবং একজন তরল ভেসমল খেয়ে মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ীর চৌরাস্তা এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নিহত হন মাইনুদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি। ধলপুর এলাকায় ওই ব্যক্তির গ্রিলের দোকান আছে।
হাসপাতাল সূত্র জানায়, গতকাল দুপুরে আবদুল্লাহপুরের কোটবাড়ীসংলগ্ন রেললাইন থেকে আমিনুল ইসলাম নামের এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া সকাল সাড়ে ১০টার দিকে খিলক্ষেত রেললাইন থেকে ৩০০ গজ উত্তরে মস্তকবিচ্ছিন্ন এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করা হয়।
এ দুটি ঘটনার ব্যাপারে কমলাপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, আমিনুল ট্রেনের ধাক্কায় ও ওই নারী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।
একই থানার এএসআই জাহিদুল ইসলাম জানান, সকালে কমলাপুর ৭ নম্বর প্ল্যাটফর্মের সামনের রেললাইন থেকে এক অজ্ঞাতনামা যুবকের (২৫) লাশ উদ্ধার করা হয়। ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেলোয়ার হোসেন (৫৫) নামের এক ব্যক্তি। অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দেলোয়ারের মৃত্যু হয়েছে বলে পরিবার দাবি করেছে।
সকালে রূপনগর থানার পুলিশ রূপনগরের আরামবাগের এক বাসা থেকে সুরুজ্জামান (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
রাজধানীর ভাটারা থানা এলাকায় তরল ভেসমল পানে লামিয়া তাওছিন (১৭) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।