পৃথক ঘটনায় স্বামী মারল স্ত্রীকে আর পিতা পুত্রকে!
রাজধানীর অদূরে সাভারের তেতুলঝোড়ায় যৌতুকের জন্য খুন হয়েছেন মুন্নি খাতুন নামে এক গৃহবধূ। আর মজিদপুরে বাবার দেওয়া বিষপান করে মারা গেছে ৩৩ দিনের এক শিশুপুত্র। দুটি ঘটনায়ই সাভার থানায় পৃথক পৃথক মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন নিহত গৃহবধূর স্বামী ও শাশুড়ি।যৌতুকের বলি: সাভার থানা পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মাস ছয়েক আগে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শীকরামপুর গ্রামের আবদুস সাত্তারের ছেলে আলমগীর হোসেনের সঙ্গে ঠাকুরগাঁও সদর উপজেলার চান্দিপুর গ্রামের খলিলুর রহমানের মেয়ে মুন্নি খাতুনের (২১) বিয়ে হয়। স্বামী-স্ত্রী উভয়েই ছিলেন পোশাকশ্রমিক। বিয়ের পর থেকেই মুন্নির শ্বশুরবাড়ির পক্ষ থেকে এক লাখ টাকা যৌতুক দাবি করা হচ্ছিল। দাবি পূরণ করতে না পারায় তাঁকে মাঝেমধ্যেই নির্যাতন করা হতো। মুন্নির ভাই জাহাঙ্গীর আলম জানান, যৌতুক নিয়ে কথা-কাটাকাটি ও মারধর করার একপর্যায়ে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মুন্নি বাসার ছাদে গিয়ে আশ্রয় নেন। সেখানে গিয়েই আলমগীর ও তাঁর মা হানিফা খাতুন মিলে মুন্নিকে মারধর করেন। মারধরে গুরুতর আঘাত পেয়ে তাঁর বোন অচেতন হয়ে পড়লে তাঁকে ছাদ থেকে নামিয়ে শোয়ার কক্ষে নিয়ে মাথায় পানি ঢালা হয়। একপর্যায়ে তিনি মারা যান। প্রতিবেশীরা জানান, প্রায় প্রতিদিনই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। কোনো কোনো দিন ঝগড়ার সময় স্ত্রীকে মারধরও করতেন আলমগীর। শুক্রবার রাতেও তাঁরা ওই বাসায় হইচই শুনতে পান। শুক্রবার রাত ১২টার দিকে তাঁরা হট্টগোল শুনে ওই বাসায় যান। মুন্নির মাথায় এ সময় আলমগীর ও তাঁর মা পানি ঢালছিলেন। তখন মুন্নিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।পুলিশ জানায়, মুন্নিকে হত্যার অভিযোগ এনে তাঁর ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে গতকাল শনিবার সাভার থানায় হত্যা মামলা করেছেন। মামলায় মুন্নির স্বামী আলমগীর ও তাঁর মা হানিফা বেগমকে আসামি করা হয়েছে। এর আগেই পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার উপপরিদর্শক মো. রাকিবুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে যৌতুকের জন্য স্বামী ও শাশুড়ি মিলে মুন্নিকে নির্যাতন করার প্রমাণ পাওয়া গেছে। মুন্নির মাথার পেছনের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। যা ইটের আঘাত বলেই মনে হচ্ছে।বিষপান করিয়ে শিশুপুত্র হত্যা: সাভার থানা পুলিশ জানায়, শিশুটির মা শেফালি বেগম গোপালগঞ্জের কোটালিপাড়ার মাঝিঘাটা গ্রামের মানিক সরদারের মেয়ে। বছর তিনেক আগে তাঁর বিয়ে হয় খুলনার সোনাডাঙ্গার বসুপাড়ার আশরাফ আলীর সঙ্গে। বিয়ের পর তাঁকে বাড়ি নিয়ে যাওয়া হলেও স্বামীর প্রথম পক্ষের স্ত্রীর কারণে তাঁর আর সেখানে থাকা সম্ভব হয়নি। বছর খানেক আগে স্বামী তাঁকে সাভারে নিয়ে এসে মজিদপুর এলাকায় একটি ভাড়া বাসায় তোলেন। এরপর থেকে শেফালি ওই বাসায়ই থাকতেন। আর আশরাফ থাকতেন খুলনায়। মাসে এক থেকে দুই দিন ওই বাসায় আসতেন এবং খরচ দিতেন। ৩৩ দিন আগে শেফালি এক শিশুপুত্রের মা হন। নাম রাখেন আবদুল্লাহ। শেফালি জানান, গত বৃহস্পতিবার তাঁর স্বামী বাসায় আসেন। এরপর সংসারের নানা বিষয় নিয়ে স্বামীর সঙ্গে তাঁর ঝগড়া হয়। শুক্রবার সকাল আটটার দিকে তাঁর স্বামী নাশতা খেতে চাইলে আবদুল্লাকে ঘরে শুইয়ে রেখে তিনি গোসল করতে যান। গোসল শেষে ঘরে ঢুকে তাঁর ছেলের মুখ দিয়ে গোল্লার মতো বের হতে দেখেন। এ সময় তাঁর ছেলের মুখের কাছে নাক নিয়ে তিনি কীটনাশকের গন্ধ পান। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। শেফালি অভিযোগ করেন, তাঁর স্বামী পরিকল্পিতভাবে ছেলেকে কীটনাশক পান করিয়ে হত্যা করেছেন। বিষয়টি তিনি আঁচ করতে পেরেছেন, এমন মনে করেই তাঁর স্বামী ঘর থেকে বের হয়ে কৌশলে পালিয়ে যান। সাভার থানার উপপরিদর্শক মো. আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্ত আর শিশুটির মার অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। তদন্তে প্রকৃত ঘটনা বের করার চেষ্টা করা হবে।