পৃথক চার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কলেজের দুই ছাত্রাবাস থেকে ধারালো অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারের ঘটনায় পৃথক চারটি মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পুলিশ বাদী হয়ে নগরের চকবাজার থানায় মামলাগুলো দায়ের করে।
নগরের চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিক চৌধুরী প্রথম আলোকে বলেন, চার মামলায় ৬৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। বিস্ফোরক মামলা দুটিতে ১৪ জন করে ২৮ জন এবং অস্ত্র মামলা দুটিতে ১৯ জন করে ৩৮ জনকে আসামি করা হয়েছে। তাঁরা সবাই চট্টগ্রাম কলেজ ছাত্রশিবিরের নেতা-কর্মী। এ ঘটনায় মহিউদ্দিন মাসুম নামের ছাত্রাবাসের এক কর্মচারীকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ চট্টগ্রাম কলেজের সোহরাওয়ার্দী ও শেরেবাংলা হল থেকে ধর্মীয় বই, পোস্টার, পেট্রলবোমা, চারটি ধারালো ছুরি, পাঁচটি রামদা, ছয়টি কিরিচ, তাজা ককটেল ও ৩০টি জর্দার কৌটা উদ্ধার করে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ২৮ বছর ধরে চট্টগ্রাম কলেজে ছাত্রশিবির একক আধিপত্য বিস্তার করে আসছে। গত বুধবার বিকেলে সরকারি কলেজ শিক্ষকদের সংগঠন বিসিএস (সাধারণ শিক্ষা) আন্তব্যাচ সমন্বয় কমিটি চট্টগ্রাম কলেজ মিলনায়তনে সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ উপলক্ষে ওই দিন বিকেল থেকে কলেজের প্রবেশপথে অবস্থান নেয় কলেজ ছাত্রশিবিরের কর্মীরা। বিকেলে মন্ত্রীর আগমনের সময় কলেজ ছাত্রলীগের কর্মীরা ঢুকতে গেলে শিবির তাঁদের বাধা দেয়।