পৃথক ছিনতাইয়ের ঘটনায় সাতজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে সম্প্রতি সংঘটিত তিনটি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ সাত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার ও গত শুক্রবার রাতে নগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া সাতজনের মধ্যে পুলিশ তিনজনের নাম প্রকাশ করেছে। তাঁরা হলেন মো. খায়রুজ্জামান, মো. নেজাম উদ্দিন ও মোহাম্মদ মামুন। প্রথম দুজন হালিশহর থানার মামলায় এবং তৃতীয়জন কোতোয়ালি থানার ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার হন। নগরের আগ্রাবাদ এক্সেস রোডে ১৫ জানুয়ারি ব্যবসায়ীর ৩০ হাজার টাকা লুটের ঘটনায় খায়রুজ্জামান ও নেজামকে গ্রেপ্তার করা হয়। আর গত বৃহস্পতিবার জুবিলি রোডে আরেক ব্যবসায়ীর টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার করা হয় মামুনকে। পুলিশ সূত্র জানায়, এক্সেস রোড এলাকায় ছিনতাই করার অভিযোগে পুলিশ শুক্রবার দুজনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে মো. নেজাম উদ্দিন অস্ত্র আইনের মামলায় ১৯ বছরের সাজাপ্রাপ্ত আসামি। ছয় বছর কারাবাসের পর তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে আবার পর সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার মো. আরেফিন জুয়েল প্রথম আলোকে বলেন, ১৫ জানুয়ারি হালিশহর থানাধীন এক্সেস সড়কে ব্যবসায়ী মো. মোফাজ্জল করিমকে আগ্নেয়াস্ত্র ও চাপাতি দিয়ে আঘাত করে চার ছিনতাইকারী ৩০ হাজার টাকা লুটে নেয়। নেজাম এ ঘটনায় নেতৃত্ব দেন। গত বৃহস্পতিবার জুবিলি রোড এলাকায় নূরুল হক চৌধুরীর কাছ থেকে আড়াই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় শুক্রবার রাতে গ্রেপ্তার হন মামুন। ঘটনার দিন অবশ্য ঘটনাস্থলে সাত্তার নামের এক ছিনতাইকারী গণপিটুনির শিকার হন। গুরুতর আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় পুলিশ। কোতোয়ালি থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ব্যবসায়ী নূরুল চৌধুরীর টাকা ছিনতাইয়ের ঘটনায় মামুন সন্ত্রাসীদের সংগঠিত করে। গণপিটুনির শিকার সাত্তারের বিরুদ্ধে অস্ত্র আইনে চারটিসহ নয়টি মামলা আছে। এদিকে গত সপ্তাহে নগরের গোলপাহাড় এলাকায় কেব্ল অপারেটর প্রতিষ্ঠানের টাকা লুটের ঘটনায় গতকাল শনিবার ও গত শুক্রবার চার ছিনতাইকারী গ্রেপ্তার হন। পুলিশ তদন্তের স্বার্থে তাঁদের পরিচয় প্রকাশ করেনি।