পৃথক তিন সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ, পিরোজপুরের মঠবাড়িয়া ও কাউখালী উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে এবং আজ শনিবার সকালে এ দুর্ঘটনাগুলো ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন জহুরুল ইসলাম (৪০), মো. আবদুল্লাহ (৩) ও আবদুস সালাম (৭০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, গতকাল রাত আটটার দিকে তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বাইসাইকেল চালিয়ে রাস্তা পার হচ্ছিলেন জহুরুল ইসলাম। সে সময় রাজশাহী থেকে ঢাকাগামী একটি ট্রাক বাইসাইকেলটিকে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই জহুরুল ইসলামের মৃত্যু হয়। ট্রাক নিয়ে চালক পালিয়ে যান। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কচুবাড়িয়া গ্রামের বেড়িবাঁধ এলাকায় আজ সকালে ট্রাক্টর ট্রলির নিচে চাপা পড়ে মো. আবদুল্লাহ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আবদুল্লাহ উপজেলার কচুবাড়িয়া গ্রামের সৌদি আরবপ্রবাসী মো. ইব্রাহিমের ছেলে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকালে আবদুল্লাহ বাড়ির সামনে কচুবাড়িয়া বেড়িবাঁধের ওপর খেলা করছিল। সকাল সাড়ে ১০টার দিকে একটি ট্রাক্টর ট্রলি বেড়িবাঁধের ওপর দিয়ে যাওয়ার সময় আবদুল্লাহকে চাপা দেয়। স্থানীয় ব্যক্তিরা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ট্রলি নিয়ে চালক পালিয়ে যান।

মঠবাড়িয়া থানার ওসি কে এম তারিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে পিরোজপুরের কাউখালী উপজেলার হাওলাদারহাটে আজ সকালে ইজিবাইকের ধাক্কায় আবদুস সালাম নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আবদুস সালামের বাড়ি উপজেলার শিয়ালকাঠি গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে আবদুস সালাম হাওলাদারহাটে সুপারি বিক্রি করে বাড়ি ফিরছিলেন। সকাল সাতটার দিকে হাওলাদারহাট এলাকায় কাউখালী-ভান্ডারিয়া সড়কে একটি ইজিবাইক আবদুস সালামকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর ইজিবাইকের চালক পলাতক রয়েছেন।

কাউখালী থানার ওসি মনিরুজ্জামান বলেন, ইজিবাইকটি আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।