পৃথক দুই মামলায় সাঈদীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে পৃথক দুই মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেন।বহুমাত্রিক লেখক অধ্যাপক হুমায়ুন আজাদকে হত্যাচেষ্টা মামলায় গতকাল সাঈদীকে আদালতে হাজির করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তৃতীয় দফায় সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। এ সময় সাঈদীর আইনজীবীরা তাঁর জামিনের আবেদন জানান। মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে এক দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। এ মামলায় এর আগে দুই দফায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে কদমতলী থানায় করা অপর মামলায় সাঈদীকে মহানগর হাকিম রোকসানা বেগমের আদালতে হাজির করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাঈদীকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যরা ধ্বংসাত্মক ও নাশকতামূলক ষড়যন্ত্রের জন্য বৈঠক করেন। জেএমবির জঙ্গিদের সন্ত্রাসী কর্মকাণ্ড বাস্তবায়ন ও পরিচালনায় নিজামী, মুজাহিদ ও সাঈদীদের মদদ দেওয়ার তথ্যপ্রমাণ প্রাথমিকভাবে পাওয়া যাচ্ছে। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত তাঁদের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ২৬ জুলাই নিজামী ও মুজাহিদকেও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গতকাল নিজামী ও মুজাহিদকে উত্তরা ষড়যন্ত্র মামলায় হাজির করে আবার কারাগারে পাঠানো হয়েছে।