পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত
রাজধানীতে পৃথক দুর্ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে মো. শিমুল (২০) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি একটি চশমার দোকানের কর্মচারী।
পুলিশ বলেছে, গতকাল বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে পল্লবীর কালশী নতুন সড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি বাস শিমুলকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পল্লবী কুর্মিটোলা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন।
প্রায় একই সময় মিরপুর মাজার রোডে একটি গাড়ির চাপায় অজ্ঞাত এক নারী মারা যান। তাঁর পরনে সাদাকালো টি–শার্ট ও নীল রঙের সালোয়ার ছিল। দারুস সালাম থানার এসআই ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
এর আগে বুধবার দিবাগত রাত দুইটার দিকে মালিবাগ রেলক্রসিংয়ে ট্রেনের চাকায় কাটা পড়ে এক যুবক মারা যান। তাঁর পরনে চেক লুঙ্গি ও হাফ শার্ট ছিল। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর।