পৃথক দুর্ঘটনায় দুই পুলিশ কনস্টেবল নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে আজ মঙ্গলবার পৃথক দুর্ঘটনায় পুলিশের দুই কনস্টেবল নিহত হয়েছেন।

রাজধানীর খিলগাঁও পুলিশ ফাঁড়ি-সংলগ্ন রেললাইন পার হওয়ার সময় আজ বেলা দেড়টার দিকে কমলাপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে পুলিশ কনস্টেবল জীবন কুমার সাহা নিহত হন। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় আহত শামীম হোসেন (৩৩) নামে অন্য এক পুলিশ কনস্টেবল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ১০টার দিকে মারা যান।

জীবন কুমিল্লা সদরের দীলিপ কুমার সাহার ছেলে। তিনি ঢাকায় উত্তর শাহজাহানপুর এলাকায় থাকতেন। আর শামীমের বাড়ি নওগাঁর মোহনপুরে। তাঁর বাবা স্কুলশিক্ষক দেলোয়ার হোসেন।

জীবনের স্ত্রী ইভা দাশ স্বামীর লাশ শনাক্ত করে জানান, জীবন মেরুদণ্ডের সমস্যায় ভুগছিলেন। আজ সকালে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে গিয়েছিলেন চিকিৎসার জন্য। সেখান থেকে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে জীবনের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বেলা আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জীবন গুলশানের কূটনৈতিক এলাকায় দায়িত্ব পালন করতেন।

শামীম গত ২৭ নভেম্বর রাত সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দায়িত্ব পালনকালে একটি প্রাইভেটকারের ধাক্কায় আহত হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তাঁর মৃত্যু হয়। তিনি কনস্টেবল হিসেবে রাজারবাগ পুলিশ লাইনে সংযুক্ত আছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক দুই কনস্টেবলের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।