পৃথক দুর্ঘটনায় পাঁচজন নিহত
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর বাগমারা, বগুড়ার আদমদীঘি ও শেরপুর উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক নারীসহ পাঁচ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে বাগমারায় নিহত হয়েছেন দুজন। গতকাল বুধবার এসব দুর্ঘটনা ঘটে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁপাইনবাবগঞ্জ: সদর উপজেলার বারঘোরিয়া এলাকায় গতকাল সকালে ট্রাকের ধাক্কায় আবদুল মান্নান (৪০) নামের এক ট্রলিচালক নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জ উপজেলার পার কৃষ্ণগোবিন্দপুর গ্রামের বাসিন্দা ছিলেন। সদর থানার উপপরিদর্শক (এসআই) শামীম আকতার জানান, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়ক দিয়ে শিবগঞ্জ যাওয়ার পথে খড়বোঝাই ট্রলিটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন আবদুল মান্নান। ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় সদর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।
বাগমারা: উপজেলায় ছাদ থেকে পড়ে আনোয়ার হোসেন (২৯) নামের একজন ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম (৩৪) নামের আরেকজন প্রাণ হারিয়েছেন। বাসুপাড়া ইউনিয়নের দেউলা বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকার বাসিন্দা ইয়াছিন আলীর বাড়ির পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ছাদ থেকে পড়ে যান আনোয়ার। তিনি ইউনিয়নের দেউলা গ্রামের সফির উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শী এক নারী বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে তিনতলা ওই বাড়ির ছাদ থেকে পিছলে নিচে পড়ে যান আনোয়ার। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অপর দিকে, কালীগঞ্জ বাজার এলাকায় ঝড়ে পড়ে যাওয়া বৈদ্যুতিক কেব্ল টাঙানোর সময় বৈদ্যুতিক মিস্ত্রি শহিদুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তিনি ঝিকরা ইউনিয়নের তেগাছি সেনপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। প্রত্যক্ষদর্শী ঝিকরা গ্রামের আবদুল মানিক বলেন, গতকাল দুপুরে শহিদুল যখন কাজ শুরু করেন, তখন বিদ্যুৎ ছিল না। তবে কিছুক্ষণের মধ্যে আকস্মিক বিদ্যুৎ চলে এলে বৈদ্যুতিক তারের সংস্পর্শে ঘটনাস্থলেই মারা যান তিনি।
আদমদীঘি: বগুড়া রেলওয়ে জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বাকী বলেন, পুলিশ গতকাল দুপুরে আদমদীঘি রেলস্টেশনের পশ্চিম পাশের সেতুসংলগ্ন রেললাইন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে। তাঁর পরনে ছিল লুঙ্গি ও শার্ট। সান্তাহার থেকে ছেড়ে আসা ঊর্ধ্বগামী সেভেন আপ ট্রেনটি গতকাল সকাল সাড়ে নয়টায় বোনারপাড়া অভিমুখে যাওয়ার সময় ট্রেনে কেটে ওই ব্যক্তি মারা যান বলে স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন। নেশাগ্রস্ত অবস্থায় রেললাইন পার হতে গিয়ে তিনি ট্রেনে কাটা পড়েন বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বোনারপাড়া রেলওয়ে জিআরপির থানায় একটি মামলা হয়েছে।
শেরপুর: গতকাল সকাল সাতটার দিকে শেরপুরের বেলঘরিয়া গ্রামের গৃহবধূ সালমা আক্তার (২২) বজ্রপাতে মারা গেছেন। তাঁর স্বামী সিরাজুল ইসলাম বলেন, সকালে সালমা উঠানে কাজ করার সময় বৃষ্টি শুরু হয়। ঘরে আসার আগেই আকস্মিক বজ্রপাতে সালমার শরীরের বেশির ভাগ অংশ ঝলসে যায়। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় নিহত গৃহবধূর মা মাশেদা খাতুন থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছেন।