পৃথক দুর্ঘটনায় ৭ জনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্‌যাপন করে কর্মস্থল ফিরছেন কর্মজীবীরা। পাঁচ দিন পর গতকাল সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে ঢাকামুখী মানুষের উপস্থিতি বেড়ে যায়। বাসও ছিল বেশ। তবে ৪০০ টাকায় ভেতরে সিটে এবং ২০০ টাকায় ছাদে বসিয়ে যাত্রী পরিবহন করা হচ্ছে l প্রথম আলো
প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্‌যাপন করে কর্মস্থল ফিরছেন কর্মজীবীরা। পাঁচ দিন পর গতকাল সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে ঢাকামুখী মানুষের উপস্থিতি বেড়ে যায়। বাসও ছিল বেশ। তবে ৪০০ টাকায় ভেতরে সিটে এবং ২০০ টাকায় ছাদে বসিয়ে যাত্রী পরিবহন করা হচ্ছে l প্রথম আলো

পৃথক ঘটনায় সিরাজগঞ্জে দুজন, বগুড়ার ধুনটে তিনজন ও নওগাঁর মান্দায় দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জ: রায়গঞ্জে বাসের ছাদ থেকে পড়ে আমিনুল ইসলাম (৪৫) নামের এক যাত্রীর নিহত হয়েছেন। বাসটি বগুড়া থেকে ঢাকা যাচ্ছিল। আমিনুল বগুড়ার সারিয়াকান্দি এলাকার বাসিন্দা ছিলেন। গতকাল বুধবার বেলা দুইটার দিকে নগরবাড়ি-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা ইউনিয়নের কামারপাড়া ব্রিজ এলাকার চালিতা পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় বিদ্যুতের তারে জড়িয়ে অনিমেষ ভৌমিক (২২) নামের এক তরুণ মারা গেছেন। তিনি থানার ভুইয়াগাতী গ্রামের নুকুল ভৌমিকের ছেলে। গতকাল সকাল ১০টার দিকে থানার ঘুড়কা ইউনিয়নের ভুইয়াগাতী তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির উত্তর পাশে মুরগির খামারে বিদ্যুতের সংযোগ স্থাপনের সময় তিনি বিদ্যুতের তারে জড়িয়ে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ধুনট (বগুড়া): নদীতে ডুবে শ্যামলী খাতুন (৫) ও নীলা খাতুন (৩) নামের দুই বোন এবং মুন্নি খাতুন (৯) নামের আরেক শিশুর মৃত্যু হয়েছে। শ্যামলী ও নীলা খাতুন ধুনট উপজেলার তারাকান্দি গ্রামের মোসলেম উদ্দিনের মেয়ে। আর মুন্নি খাতুন চট্টগ্রামের হালিশহরের মাসুদ রানার মেয়ে। ঈদের আগের দিন মুন্নি খাতুন মায়ের সঙ্গে ধুনট উপজেলার রাঙ্গামটি গ্রামে নানা আজাহার আলী বয়াতির বাড়িতে বেড়াতে আসে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুরের দিকে মা সাজেদা খাতুন শ্যামলী ও নীলাকে বাড়ির পাশে তারাকান্দী নদীর ঘাটে রেখে কাপড় পরিষ্কার করছিলেন। একপর্যায়ে মায়ের অগোচরে নদীর তীর থেকে পানিতে পড়ে দুই বোনের মৃত্যু হয়।
এদিকে মঙ্গলবার বেলা তিনটার দিকে বাঙ্গালী নদীর রাঙামাটি ঘাটে অন্যান্য শিশুর সঙ্গে বালু দিয়ে খেলা করছিল মুন্নি খাতুন। একপর্যায়ে নদীর পানিতে হাত-পা পরিষ্কার করার সময় পানিতে পড়ে নিখোঁজ হয় শিশুটি। গতকাল সকালে তার লাশ উদ্ধার করা হয়েছে।
নওগাঁ: মান্দায় ট্রাকের ধাক্কায় বাপ্পি (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বৈদ্যপুর-মান্দা সড়কের বৈদ্যপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাপ্পি উপজেলার ভালাইন ইউনিয়নের ময়াই গ্রামের বায়েজিদ হোসেনের ছেলে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।
এদিকে মান্দায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার কাশোপাড়া ইউনিয়নের জাফরাবাদ গ্রামে শোয়ার কক্ষ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত গৃহবধূর নাম শাপলা খাতুন (২৪)। এ ঘটনায় স্বামী আবদুস সাত্তার (৩৫) ও শাশুড়ি জোলেখা বেওয়ার (৫৫) বিরুদ্ধে মামলা করেছে নিহতের বাবা হাফিজ উদ্দিন।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গতকাল সকালে কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা সাত্তারের বাড়িতে যান। সেখানে শোয়ার কক্ষে শাপলাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। এ সময় সাত্তার বাড়িতে ছিলেন না। পরে থানায় খবর দেওয়া হলে দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে।
শাপলার বাবা হাফিজ উদ্দিনের অভিযোগ, যৌতুকের টাকা না দেওয়ায় তাঁর মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন শ্বাসরোধে হত্যা করেছেন। এরপর মৃতদেহ ঝুলিয়ে রেখে বাড়ি থেকে পালিয়ে গেছেন। ঘটনার পর থেকে সাত্তার ও শাশুড়ি জোলেখা বেওয়া পলাতক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে সাত্তারের সঙ্গে শাপলার বিয়ে হয়। বিয়ের পর থেকেই শাপলার কাছে যৌতুক হিসেবে এক লাখ টাকা দাবি করছিলেন সাত্তার। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকত। শাপলাকে প্রায় মারধর করতেন সাত্তার। বিষয়টি নিয়ে দুই পরিবারের লোকজনের মধ্যে দু-তিনবার সালিস বৈঠক হয়েছে। যৌতুকের জের ধরে শাপলার ওপর নির্যাতন চালিয়ে তাঁকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মান্দা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।