পৃথক দুর্ঘটনায় এক শিক্ষকসহ নিহত তিন
নাটোরে গতকাল বৃহস্পতিবার তিনটি পৃথক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে ট্রেনে কাটা পড়ে।
নাটোর রেলস্টেশনের সহকারী মাস্টার আশোক চক্রবর্তী জানান, জেলার সিংড়া সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক গোপাল চন্দ্র সাহা (৪৮) প্ল্যাটফর্মের কাছে রেললাইনে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি এসে ধাক্কা দিলে তিনি ট্রেনের নিচে পড়ে মারা যান। পরে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত গোপাল চন্দ্রের বাড়ি জেলার সিংড়া উপজেলা শহরের মলিকহাটি এলাকায়। তিনি সিংড়ার দমদমা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।
এর আগে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (৩৬) মৃত্যু হয় জেলার নলডাঙ্গা উপজেলার মহিষমারি রেলসেতুর পাশে। গতকাল বুধবার রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেসে কাটা পড়ে প্রাণ হারান তিনি। পরে রেলওয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
এদিকে গতকাল সকাল ১০টার দিকে নাটোর-পাবনা সড়কে লালপুরের কদিমচিলান এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মৃত্যু হয় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৬২)। প্রত্যক্ষদর্শী এক পথচারী জানান, ওই সময় কদিমচিলান এলাকার ওই স্থানে অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধ দাঁড়িয়ে ছিলেন। তখন বনপাড়া অভিমুখী একটি মাইক্রোবাস তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে তাঁর লাশ বনপাড়া হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, নিহত বৃদ্ধের পরিচয় জানার চেষ্টা চলছে। মাইক্রোবাসটিও শনাক্ত করার চেষ্টা চলছে।