পৃথক দুর্ঘটনায় দুজন নিহত
নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
আড়াইহাজারে নিহত ব্যক্তির নাম মামুন মোল্লা (২৭)। তিনি উপজেলার খাগকান্দা ইউনিয়নের চম্পক নগর এলাকার আউয়াল মোল্লার ছেলে। জাঙ্গালিয়া বাজারে কাপড়ের ব্যবসা করতেন মামুন।
মামুনের পরিবার ও আড়াইহাজার থানার ওসি মো. সাখাওয়াত হোসেন বলেন, মামুন তাঁর সহযোগী রমজান মোল্লাকে নিয়ে খাগকান্দা ইউনিয়নের টম্পক নগর এলাকার বাড়ি থেকে জাঙ্গালিয়া বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন। গাড়িটি বেপরোয়া চলছিল। সকাল ১০টার দিকে চম্পক নগর এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মামুন মারা যান। গুরুতর আহত হন রমজান মোল্লা (২৮)। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি একই গ্রামের তালেব হোসেনের ছেলে।
সোনারগাঁয়ের কাঁচপুরে নিহত ব্যক্তির নাম রাজীব খান (৪০)। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সর্দারপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে মদনপুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় গাড়িটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান রাজীব। এ ছাড়া আহত হন আরিফুল মিয়া, রানী বেগম, নজরুল ইসলাম, নাজমুল হোসেন ও মিজানুর রহমান নামের আরও পাঁচজন।