ঈদুল আজহার আগের দিন রোববার ঢাকা-আরিচা মহাসড়কে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে নয়টার দিকে মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় একটি গরুবাহী ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। অপর দিকে, একই দিন বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের সাভারের উলাইল বাসস্ট্যান্ডের কাছে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মারা যায় প্রবাসী জহিরুল ইসলামের ছেলে ইরফান হাসনাত (১২)। সে সাভারের হীরা কিন্ডারগার্টেন স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র। ইরফানের মামা মুজাহিদুল ইসলাম জানান, বার বার আবদার করায় কোরবানির পশু দেখাতে মা আসমাউল হুসনা ছেলেকে নিয়ে উলাইল পশুর হাটে যান। বাস থেকে নেমে মায়ের হাত ধরে সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই ইরফানের মৃত্যু হয়। সাভার থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।