পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুটি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। এ ছাড়া এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ক্যান্টনমেন্ট থানার পশ্চিম মানিকদির একটি মাঠ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়। ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) খোন্দকার নাইম বলেন, লাশটির সারা শরীরে জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ ও কুপিয়ে জখম করে ওই যুবককে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। বাড্ডা থানা এলাকায় বাসের ধাক্কায় মারা গেছেন মাজহারুল ইসলাম (২৭) নামের এক যুবক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল বেলা আড়াইটার দিকে মেরুল বাড্ডা এলাকায় মিনিবাসের ধাক্কায় মারা যান মাজহারুল ইসলাম। পশ্চিম রামপুরার বাসা থেকে রিকশায় চড়ে কর্মস্থলে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। রিকশাচালক অক্ষত আছেন। নিহত মাজহারুল একটি বেসরকারি মুঠোফোন কোম্পানির শ্যামলী এলাকার গ্রাহকসেবাকেন্দ্রে কাজ করতেন। বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার পর বাসসহ চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। এ ছাড়া খিলগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর ওপর থেকে পড়ে মো. জামাল নামের (৩৫) এক রং মিস্ত্রি নিহত হয়েছেন। খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আবু সাইদ বলেন, গতকাল বেলা ১১টার দিকে খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীতে একটি চারতলা বাড়ির তৃতীয় তলায় বাইরের অংশ রং করছিলেন মো. জামাল। এ সময় পাশে থাকা বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।