পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ ৩ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ী এলাকায় ও শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ট্রলির চাপায় এক শিশু নিহত হয়েছে। প্রতিটি দুর্ঘটনাই আজ বৃহস্পতিবার সকালে ঘটে।

নিহত তিনজন হলেন যথাক্রমে ময়মনসিংহের নান্দাইল থানার চরলক্ষিবালুচর এলাকার মো. রাশিদের ছেলে আব্দুল হামিদ (৩০), ময়মনসিংহের হালুয়াঘাট থানার গবড়াকুড়া এলাকার বাসিন্দা নবী হোসেন (৬০) এবং দুই বছরের সামিউল হক।

ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিনয় কুমার সরকার জানান, হামিদ পিকআপে তরমুজ নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। পথে ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ী এলাকায় অজ্ঞাত একটি গাড়ির পেছনে পিকআপটি ধাক্কা লাগে। এতে পিকআপের সামনে অংশ দুমড়েমুচড়ে যায় এবং সামনের আসনে থাকা তরমুজ ব্যবসায়ী আবদুল হামিদ ঘটনাস্থলেই মারা যান। তবে চালক পালিয়ে যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পিকআপটি আটক করে ফাঁড়িতে নেওয়া হয়েছে।

শ্রীপুরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত
মাওনা হাইওয়ে পুলিশ থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, শ্রীপুর উপজেলার রঙ্গিলাবাজার এলাকায় নবী হোসেন তাঁর ছেলের ভাড়া বাড়িতে বেড়াতে আসেন। সকালে তিনি ওই এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে।

ট্রলিচাপায় শিশু নিহত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইউসুফনগর পুলপাড়া এলাকায় সকালে ইট বহনকারী ট্রলির চাপায় সামিউল হক নামের দুই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। সে ওই এলাকার সানাউল হকের ছেলে।

সানাউল হক জানান, সকাল সাড়ে নয়টার দিকে বাড়ির সামনে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল সামিউল। এ সময় ইট বহনকারী একটি ট্রলি তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন ট্রলিটি আটক করলেও চালক পালিয়ে যান।