পৃথক দেশ, হূদয় এক
কাঁটাতারের বেড়া দুই দেশকে ভাগ করলেও দুই বাংলার মানুষের হূদয়কে ভাগ করতে পারেনি। তাই ভারত ও বাংলাদেশের হাজারো মানুষ আত্মার টানে ছুটে এসেছিল কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী মামুদ হাজি পীরের মাজারে। প্রতিবছর ২৮ ডিসেম্বর পীরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ জমায়েত হয়।
ভারতের কোচবিহারের দিনহাটা থানার গিতালদহ থেকে নানি আরতী রায়কে দেখতে আসে লিপি রায়। জীবনে প্রথমবারের মতো নানিকে দেখে কান্নায় ভেঙে পড়ে লিপি বলে, ‘তোক প্রথম দেখনু। ছুঁবার ইচ্ছে করে। মরার কাঁটাতরের বেরার জন্য তাও হলো না। ভালো থাকিস নানি।’ বলতে বলতে আবারও কান্নায় ভেঙে পড়ে সে। ভারতের একই এলাকার মকবুল হোসেন ও তাঁর স্ত্রী ধওলী বেগম এসেছিলেন সেখানে। তাঁরা দূর থেকে বাংলাদেশি আত্মীয়স্বজন ও ভাইবোনদের দেখে কান্নায় ভেঙে পড়েন। দূর থেকে তাঁরা চিত্কার করে বলেন, ‘ভাই ভালো থাকিস। দোয়া করিস।’
এলাকার অনেকে জানান, ফুলবাড়ীর গোড়কমণ্ডল সীমান্তের বিপরীতে ভারতের কোনামুক্তা-খারিদা হরিদাস খামার অঞ্চলের ওই পীরের মাজার। প্রতিবছর তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দেশের কয়েক হাজার মানুষ মাজার জিয়ারত ও আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করতে সেখানে আসেন। প্রতিবছর ২৮ ডিসেম্বর বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত কাঁটাতারের বেড়ার পাশ দিয়ে উভয় দেশের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কিন্তু এবার কড়াকড়ির কারণে স্বাভাবিক ছিল না যাতায়াত।
সরেজমিনে দেখা যায়, কয়েক হাজার মানুষ পরিবার-পরিজন নিয়ে ওই সীমান্তে জড়ো হয়েছেন। প্রথমে কাউকে যেতে দেওয়া হচ্ছিল না। বেলা ১১টা থেকে ভারতীয় দর্শনার্থীদের ২০ জন করে কাঁটাতারের বেড়ার ভেতরে মাজারে পাঠানো হয়। দুইটার পর বাংলাদেশি দর্শনার্থীদের ভাগ ভাগ করে পাঠানো হয়। এ সময় নিজ নিজ স্বজনদের জন্য আনা খাবার, পোশাকসহ বিভিন্ন প্রসাধনী কাঁটাতারের ওপর দিয়ে ফেলে দেওয়া হয়।