পৃথক ধর্ষণের মামলায় দুই আসামি রিমান্ডে
দুটি ধর্ষণের মামলায় গ্রেপ্তার দুই আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মহানগর হাকিম মো. ইউনুস খান এই রিমান্ড মঞ্জুর করেন। আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক সেলিম রেজা প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদপুর থানায় করা মামলার এজাহারে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রায়ের বাজার এলাকার তিন বছরের এক শিশুকে ধর্ষণ করে এক যুবক। আদালত সূত্র জানায়, এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) সুজানুর ইসলাম ওই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অপরদিকে যাত্রাবাড়ী থানায় করা মামলার এজাহার থেকে জানা যায়, ৬ মার্চ যাত্রাবাড়ীর গোবিন্দপুর কবরস্থান এলাকার একটি চালের দোকানে আট বছরের এক শিশুকে ধর্ষণ করে এক ব্যক্তি। আদালত সূত্র জানায়, এ ঘটনায় করা মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।