স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে প্রথম বৈঠকেই পৃথক পুলিশ বিভাগ গঠনের দাবি জানালেন পুলিশের কর্মকর্তারা। এ ছাড়া ‘পুলিশ ব্যুরো অব কাউন্টার টেররিজম’ প্রতিষ্ঠা এবং থানার জনবল দ্বিগুণ করার কথাও বলেন তাঁরা।
গতকাল শনিবার পুলিশ সদর দপ্তর মিলনায়তনে এ বৈঠক হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর গতকাল পুলিশ সদর দপ্তরে যান আসাদুজ্জামান খান। সেখানে তিনি পুলিশ সদর দপ্তর ও ঢাকায় অবস্থান করা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এর আগে সেখানে পৌঁছালে পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে অভিবাদন জানায়।
বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার।
এ ছাড়া অতিরিক্ত ডিআইজি হাসান উল হায়দার পুলিশের ইতিহাস, ঐতিহ্য, বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে যে ধরনের অপরাধ হচ্ছে, তা নিয়ন্ত্রণের জন্য পুলিশ ব্যুরো অব কাউন্টার টেররিজম প্রতিষ্ঠা করা জরুরি হয়ে পড়েছে। অন্যান্য দেশেও এ ধরনের সংস্থা আছে বলে জানানো হয়। এতে বলা হয়, পুলিশের জন্য পৃথক পুলিশ বিভাগের দাবি অনেক দিনের। পৃথক পুলিশ বিভাগ হলে পুলিশ নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারবে।
পুলিশের একজন কর্মকর্তা বলেন, একটি থানার জনবল মাত্র ৪০ জন। এত কম জনবল নিয়ে কাঙ্ক্ষিত সেবা দেওয়া যায় না। তিনি জনবল দ্বিগুণ করার প্রস্তাব করেন।
বৈঠকে উপস্থিত পুলিশের কর্মকর্তারা জানান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জঙ্গিবাদ দমন, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য পুলিশকে তৎপর হতে বলেন। তিনি রেলওয়ে ও হাইওয়ে পুলিশে জনবল বাড়ানোর প্রয়োজনয়ীতার কথা বলেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুল হক, এসবির অতিরিক্ত আইজিপি মো. জাবেদ পাটোয়ারী, র্যাবের মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, এপিবিএনের অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন, ডিএমপির কমিশনার বেনজীর আহমেদ, সিআইডির অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হুমায়ুন কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।