পৃথক বেতন স্কেল চান না কলেজশিক্ষকেরা
সরকারি কলেজের শিক্ষকেরা তাঁদের জন্য পৃথক বেতন স্কেল চান না। তাঁরা বলছেন, বর্তমান বেতন কাঠামোতেই শিক্ষকদের দাবি পূরণ করা সম্ভব। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক মতবিনিময় সভায় তাঁরা এ কথা বলেন।
শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের (মূলত কলেজশিক্ষক) সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভা থেকে শিক্ষক নেতারা বলেন, অষ্টম জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল দাবিতে তাঁদের আন্দোলন চলবে।
শিক্ষকেরা বলেন, ১০ অক্টোবরের মধ্যে দাবি আদায়ের সুনির্দিষ্ট আশ্বাস পাওয়া না গেলে ১৩ ও ১৪ অক্টোবর তাঁরা পূর্ণদিবস ক্লাস বর্জন করবেন। ১৮ অক্টোবর শিক্ষাভবনে অবস্থান কর্মসূচি পালন করবেন।
প্রাথমিক, মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা পৃথক বেতন কাঠামো করার দাবি জানিয়ে আসছেন।
সমিতির নেতাদের মধ্যে বক্তব্য দেন সভাপতি নাসরীন বেগম, মহাসচিব আইকে সেলিমুল্লাহ খন্দকার।
এখন শিক্ষকেরা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে বৈঠক করতে গেছেন।