অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পৃথক কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই। প্রশাসনিক ভবনের চারটি কক্ষ নিয়ে একটি স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হয়েছে। এখান থেকে শিক্ষার্থীরা ব্যবস্থাপত্র ছাড়া আর কোনো সেবা পান না৷ তা ছাড়া প্রশাসনিক ভবন বন্ধ থাকলে স্বাস্থ্যকেন্দ্রও বন্ধ থাকে৷ এ অবস্থায় শিক্ষার্থীরা আলাদাভাবে স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন৷
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়ের মতো এখানে গত পাঁচ বছরেও আলাদা করে কোনো স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হয়নি৷ প্রশাসনিক ভবনের চারটি কক্ষ নিয়ে সেখানেই শিক্ষার্থীদের চিকিৎসাসেবা দেওয়া হয়। এখানে চারজন চিকিৎসকের পদ থাকলেও আছেন দুজন৷ এ ছাড়া একজন সেকশন কর্মকর্তা, একজন সেবিকা আর চারজন এমএলএসএস আছেন৷
শিক্ষার্থীরা স্বাস্থ্যকেন্দ্রের জন্য পৃথক একটি ভবন নির্মাণের দাবি জানিয়েছেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, এখানে জরুরি কোনো চিকিৎসাসেবা পাওয়ারও সুযোগ নেই। ছোটখাটো অসুখে শুধু একটি ব্যবস্থাপত্র ছাড়া আর কিছু পাওয়া যায় না৷
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আহসান হাবিব বলেন, প্রতি সেমিস্টারে শিক্ষার্থীদের কাছ থেকে চিকিৎসাসেবা বাবদ ৩০০ টাকা করে ফি নেওয়া হয়৷ অথচ এখান থেকে সে অনুযায়ী কোনো চিকিৎসা সুবিধাই পাওয়া যায় না। এ ছাড়া প্রশাসনিক ভবনের ভেতরে চিকিৎসাকেন্দ্র থাকায় সেখানে শিক্ষার্থীদের ভর্তি রাখারও ব্যবস্থা নেই৷ আলাদা স্থানে একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার দাবি জানান এ ছাত্র নেতা৷ ছাত্র ইউনিয়নের সভাপতি নাসির হোসেনও একই দাবি জানান।
স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ফারহানা আফরোজ বলেন, এখানে প্রয়োজনীয় ন্যূনতম চিকিৎসা সরঞ্জাম পর্যন্ত নেই। এ ছাড়া পর্যাপ্ত ওষুধ না থাকায় বিড়ম্বনায় পড়তে হয়। জনসংযোগ বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যানে এখানে চিকিৎসাকেন্দ্র নির্মাণের কথা বলা হয়নি।
রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) হারুন তাজিফ বলেন, মাস্টারপ্ল্যানে না থাকায় স্বাস্থ্যকেন্দ্র থেকে যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছেন না শিক্ষার্থীরা৷ সমস্যাটি সমাধানে সিন্ডিকেট সভা ডেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে৷