
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী উচ্চবিদ্যালয়ে রাত যাপনের পর সমতলের ক্ষুদ্র জাতিসত্তার নারী-পুরুষেরা দ্বিতীয় দিনের মতো গতকাল সোমবার সকালে পদযাত্রা (লংমার্চ) শুরু করেন। দুপুরে লংমার্চটি রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
দীর্ঘ ৬০ কিলোমিটার হেঁটে রাজশাহী পৌঁছে তাঁরা প্রধানমন্ত্রী বরাবর নয় দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহম্মদ মনির হোসেনের হাতে তুলে দেন। এ সময় রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
সকালে রাজাবাড়ী উচ্চবিদ্যালয় থেকে লংমার্চ শুরু করার পর রাজাবাড়ী বাজারে পথসভা করা হয়। এতে বক্তারা বলেন, ক্ষুদ্র জাতিসত্তার মানুষের মূল সমস্যা হচ্ছে ভূমি নিয়ে। ভূমিকে কেন্দ্র করে নির্যাতন-নিপীড়নের শিকার হয়ে এই গোদাগাড়ী থেকেই অনেক মানুষ দেশান্তরিত হয়েছে। যদিও আওয়ামী লীগ নবম জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে উল্লেখ করেছিল, সমতলের ক্ষুদ্র জাতিসত্তার মানুষের জন্য আলাদা ভূমি কমিশন গঠন করবে। কিন্তু দুই মেয়াদে সাত বছর পার করলেও এ সরকার কোনো উদ্যোগ নেয়নি।
সভায় বক্তব্য দেন ক্ষুদ্র জাতিসত্তার নেতা সুভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী যুব পরিষদের সভাপতি হরেন্দ্রনাথ সিং, আদিবাসী ছাত্র পরিষদের নারীবিষয়ক সম্পাদক সুমিতা রবিদাস, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হেমন্ত মাহাতো প্রমুখ। লংমার্চে সংহতি জানিয়ে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা শাহ্ মোহাম্মদ, ওয়ার্কার্স পার্টির নেতা রফিকুল ইসলাম প্রমুখ।
গতকাল বেলা দেড়টায় রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আদিবাসীদের জন্য পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠন হলেই তাঁদের অনেক সমস্যার সমাধান হবে। তাহলে আর কেউ নিরাপত্তাহীনতায় ভুগবেন না। তাঁদের অর্থনীতিতে গতিশীলতা আসবে।
এর আগে গত রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল বাজার বাসস্ট্যান্ড মোড় এলাকা থেকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় অভিমুখে লংমার্চ শুরু করে জাতীয় আদিবাসী পরিষদ। এতে আদিবাসী নারী পরিষদ, আদিবাসী যুব পরিষদ, আদিবাসী ছাত্র পরিষদের সদস্যসহ চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁর বিভিন্ন উপজেলার ক্ষুদ্র জাতিসত্তার মানুষ অংশ নেয়।