সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন ও পার্বত্য চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁও ও দিনাজপুরে গতকাল সোমবার মানববন্ধন হয়েছে।
জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলার আয়োজনে গতকাল শহরের সমবায় মার্কেটের সামনে ওই মানববন্ধন হয়। বক্তব্য দেন আদিবাসী পরিষদের ঠাকুরগাঁও জেলার উপদেষ্টা ইমরান চৌধুরী, সাধারণ সম্পাদক বাবুল তিগ্যা, সাংগঠনিক সম্পাদক জাকব খালক প্রমুখ।
এদিকে দিনাজপুর প্রেসক্লাবের সামনে গতকাল ওই মানববন্ধন হয়। এতে জাতীয় আদিবাসী কেন্দ্রীয় পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেন, দিন দিন ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বসতভিটা চলে যাচ্ছে ভূমিদস্যুদের হাতে। এ থেকে মুক্তির জন্য অবিলম্বে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য স্বাধীন ভূমি কমিশন করতে হবে। আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সভাপতি আলতাফ হোসাইন, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি রবিউল আউয়াল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দিন, জাতীয় আদিবাসী পরিষদের জেলা কমিটির সভাপতি সোহেল পিতর মুর্মু, সাধারণ সম্পাদক রুবেল টুডু প্রমুখ।