আলেচনা সভা, শোভাযাত্রাসহ নানা কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে গতকাল বুধবার দেশের বিভিন্ন স্থানে বিশ্ব আদিবাসী দিবস-২০১৭ পালন করা হয়েছে। এসব কর্মসূচি থেকে বক্তারা ক্ষুদ্র জাতিসত্তার লোকদের সাংবিধানিক স্বীকৃতি, সমতলের ক্ষুদ্র জাতিসত্তার লোকদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনের দাবি জানান।
গতকাল দুপুরে শেরপুরের নাগরিক সংগঠন জনউদ্যোগের আয়োজনে জেলা শহরের চকবাজার এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জনউদ্যোগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা হাজং জাতিগোষ্ঠীর সভাপতি সুকুমার হাজং, বর্মণ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সভাপতি মনীন্দ্র চন্দ বর্মণ, আদিবাসী নেতা সুমন্ত বর্মণ, বাংলাদেশ গারো ছাত্রসংগঠন (বাগাছাস) শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অনিক চিরান, উদীচীর জেলা সভাপতি তপন সারোয়ার, জেলা মহিলা পরিষদের সহসাধারণ সম্পাদিকা আঞ্জুমান আরা, মানবাধিকারকর্মী শামীম আহমেদ প্রমুখ। পরে জনউদ্যোগ, বাগাছাস, কোচ সংগঠন পিলাচ, মহিলা পরিষদসহ কয়েকটি সংগঠন যৌথভাবে শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের করে। পরে জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেনের মাধ্যমে বিভিন্ন দাবি-সংবলিত একটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হয়। দিবসটি উপলক্ষে ঝিনাইগাতী উপজেলার ক্ষুদ্র জাতিসত্তার সদস্যরা উপজেলা সদরে শোভাযাত্রা ও সমাবেশ করেন। বাগাছাস ঝিনাইগাতী থানা শাখা ও রাংটিয়া কোচ কালচারাল ডেভেলপমেন্ট একাডেমি এসব কর্মসূচির আয়োজন করে।
গতকাল সকালে বাংলাদেশ আদিবাসী ফোরাম দুর্গাপুর শাখা, আদিবাসী স্টুডেন্ট ইউনিয়ন, ওয়াইএমসিএ, বাংলাদেশ হাজং, গারো ছাত্র সংগঠনসহ বিভিন্ন সংগঠন যৌথভাবে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের উপজেলা রোড এলাকায় আদিবাসী মিলনায়তনের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আদিবাসী নেতা বঙ্কিম মানখিনের সভাপতিত্বে ও সায়মন তজুর সঞ্চালনায় আলোচন সভা হয়। এতে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়ামিন হোসেন, আদিবাসী নেতা স্বপন হাজং, স্বপ্না হাজং, লুদিয়া রুমা সাংমা, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি পঙ্কজ মারাক প্রমুখ। ব
গতকাল সকালে আদিবাসী বিভিন্ন সংগঠনের উদ্যোগে টাঙ্গাইলের মধুপুরের জলছত্র কর্পোস খ্রিষ্টি উচ্চবিদ্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক। অন্যান্যের মধ্যে মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান, মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জ্যোষ্ঠিনা নকরেক, পিউ ম্রং, আদিবাসী লেখক থিওফিল নকরেক প্রমুখ বক্তব্য দেন।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন শেরপুর, নেত্রকোনা ও টাঙ্গাইল প্রতিনিধি)