পৃথক মামলায় জেসমিন নুরুল ইসলাম বাবুল ও দুলুর জামিন
সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
পৃথক দুটি মামলায় যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন একই বেঞ্চ। নাটোরে যুবলীগের নেতা পলাশ কর্মকার হত্যা মামলায় বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন বিচারপতি বোরহান উদ্দিন ও বিচার-পতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে গত ১১ ডিসেম্বর রমনা থানায় জেসমিন ইসলামের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় গতকাল তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান।
দায়িত্বে অবহেলার অভিযোগে ৩১ ডিসেম্বর ও নিজস্ব নিরাপত্তা বাহিনীকে র্যাবের পোশাকের মতো পোশাক সরবরাহের অভিযোগে ১২ জানুয়ারি নুরুল ইসলাম বাবুলের বিরুদ্ধে ভাটারা থানায় দুটি মামলা হয়। এ দুই মামলায় তিনি হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন জানান।