পৃথক মামলায় বিএনপির ৮ নেতার আগাম জামিন
পৃথক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির কেন্দ্রীয় আটজন নেতা হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন।পৃথক জামিন আবেদনের শুনানি নিয়ে গতকাল রোববার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন।বিএনপির নেতাদের আইনজীবীরা জানান, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে গত ৩ ও ৭ মার্চ রমনা, পল্টন ও শাহজাহানপুর থানায় পৃথক ছয়টি মামলা হয়। পাঁচ মামলায় মির্জা ফখরুল ইসলাম এবং ছয় মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের চার সপ্তাহের জামিন মঞ্জুর করেছেন আদালত। একই সময় আরও পৃথক মামলায় ছয় নেতার জামিন মঞ্জুর করেন আদালত। তাঁরা স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ ও বরকত উল্ল্লাহ ও ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী। জামিন আবেদনের শুনানিকালে বিএনপির নেতারা আদালতে উপস্থিত ছিলেন। তাঁদের পক্ষে রফিকুল ইসলাম মিয়া, খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, মাহবুব উদ্দিন খোকন মামলা পরিচালনা করেন। সঙ্গে ছিলেন আইনজীবী গোলাম মোহাম্মদ চৌধুরী, রুহুল কুদ্দুস, রাগিব রউফ চৌধুরী প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজউদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মামুন।বিএনপির নেতাদের আইনজীবীরা আদালতকে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানির জন্য এসব মামলা করা হয়েছে। নেতাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই। ‘অপরাধ সংঘটনে অভিন্ন অভিপ্রায় ছিল’ বলে উল্লেখ করে জামিন আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। ২ মার্চ রাজধানীর শান্তিনগর-মালিবাগ এলাকায় ভাঙচুর ও গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে বিএনপির নেতাদের বিরুদ্ধে রমনা ও পল্টন থানায় দুটি করে এবং শাহজাহানপুর থানায় একটি মামলা করে পুলিশ। এ ছাড়া পল্টন থানায় ৭ মার্চ আরেকটি মামলা করে পুলিশ।