প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, পৃথক সচিবালয় ছাড়া বিচার বিভাগের স্বাধীনতা টিকতে পারে না। গতকাল শুক্রবার সাভারে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (সিডিএম) হলরুমে ‘কেস ম্যানেজমেন্ট: টুওয়ার্ডস এ বেটার জাস্টিস সিস্টেম’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি এই মন্তব্য করেন।প্রধান বিচারপতি বলেন, ‘আমরা দুটি সমস্যার মুখোমুখি। একটি মামলার জট, অন্যটি মামলা নিষ্পত্তিতে বিলম্ব। এই প্রতিবন্ধকতা থেকে উত্তরণের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছি। তদারকি ও আধুনিকায়নের মাধ্যমে মামলার জট কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। ইউএনডিপি এ কাজে সহায়তা করছে। পরীক্ষামূলকভাবে দুটি আদালতে অটোমেশনের ব্যবস্থা করা হয়েছে। সচেতনতার সঙ্গে মামলা নিষ্পত্তিতে বিলম্বের কারণগুলো চিহ্নিত করতে হবে।’ এ ছাড়া বেঞ্চ অফিসারদের প্রশিক্ষণের ওপরও জোর দেন প্রধান বিচারপতি।জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহকারী আবাসিক প্রতিনিধি অনং ইয়ং হংয়ের সভাপতিত্বে মামলা ব্যবস্থাপনা বিশেষজ্ঞ স্কট সায়মন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি ফারাহ মাহবুব, বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ্দীন মালিক প্রমুখ বক্তব্য দেন।ইউএনডিপি ও সুপ্রিম কোর্ট প্রশাসনের যৌথ আয়োজনে দুই দিনের কর্মশালায় হাইকোর্ট বিভাগের বিচারপতি, বিচারক, আইনজীবীসহ ৬১ জন অংশ নিচ্ছেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, দ্রুত ও গতিশীল বিচার নিশ্চিত করতে আদালত, প্রশাসন ও মামলা ব্যবস্থাপনায় আধুনিকায়ন প্রয়োজন। অনেক বিষয় আছে, যেগুলো বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমেও সুরাহা হতে পারে।সনদ বিতরণ অনুষ্ঠান: বিকল্প বিরোধ নিষ্পত্তিব্যবস্থা (এডিআর) নিয়ে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শেষে গতকাল শুক্রবার সনদ বিতরণ করা হয়। সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ (সেইলস), যুক্তরাষ্ট্রের দ্য লয়োলা ল স্কুল সেন্টার ফর কনফ্লিক্ট রিসলিউশন ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ওই প্রশিক্ষণের আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন বিকল্প বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করে বলেন, এর ফলে অর্থ, সময় ও বিচারপ্রার্থীদের হয়রানি কমবে। বিচারপ্রার্থী দুই পক্ষের মধ্যে কোনো এক পক্ষ সন্তুষ্ট না হলে এটা করা যাবে না।অনুষ্ঠানে আইন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এম শাহ আলম, বিচার প্রশাসন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. মফিজুল ইসলাম, লয়োলা ল স্কুলের শিক্ষক মেরি বি কালবার্ট, হিরো এন আরাগাকি প্রমুখ বক্তব্য দেন।