পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
রাজধানীতে গত দুই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন অজ্ঞাতনামা ব্যক্তি রয়েছেন। পুলিশ ও হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
তেজগাঁও থানার পুলিশ জানায়, গতকাল সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে কারওয়ান বাজার এলাকায় কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে মাইক্রোবাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি (৩৫) নিহত হয়েছেন। তাঁর পরনে হলুদ চেক লুঙ্গি ছিল। তিনি সবজির বস্তা মাথায় নিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির মাইক্রোবাসটি তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে আবদুল্লাহপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অজ্ঞাতনামা আরেক ব্যক্তি (৩০)। তাঁর পরনে ছিল সাদা চেক লুঙ্গি ও কালো গেঞ্জি। একই রাত আড়াইটার দিকে বংশালের মকিম বাজারে ট্রাকের চাপায় মো. সোহাগ (২০) নামের বোতল কারখানার এক শ্রমিক নিহত হয়েছেন। সোহাগ রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি ট্রাক পেছন থেকে তাঁকে চাপা দেয়। বোতল কারখানার মালিক হাবিবুর রহমান তাঁকে উদ্ধার করে রাত সোয়া তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
রোববার রাত সোয়া ১২টার দিকে রাজধানীর উত্তর বাড্ডায় মাটিভর্তি পিকআপ ট্রাকের ধাক্কায় নজরুল ইসলাম (২৫) নামের এক তরুণ নিহত হন। পরে তাঁর স্বজনেরা পুলিশের অনুমতি নিয়ে বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে যান।