পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে গতকাল শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন ২৩ জন।
নিহত দুই শিশু হলো যশোরের মনিরামপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে উম্মে তানহা (৫) ও মানিকগঞ্জের শিবালয় উপজেলার আড়াপাড়া গ্রামের বলাই বিশ্বাসের মেয়ে মেঘলা বিশ্বাস (১৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসযাত্রী শিশু তানহার মৃত্যু হয়। ওই বাসের কমপক্ষে ২০ যাত্রী আহত হন। তাঁরা মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
এদিকে বেলা তিনটার দিকে শিবালয়ের টেপড়া এলাকায় একটি রিকশাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি কাভার্ড ভ্যান। এতে রিকশায় থাকা শিশু মেঘলা ছিটকে পড়ে গিয়ে মারা যায়। এ সময় মেঘলার বাবা বলাই বিশ্বাস, মা বেদনা ও ছোট বোন বর্ষা আহত হয়। তাদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান প্রথম আলোকে বলেন, দুটি ঘটনায় থানায় পৃথক মামলা হয়েছে।