পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
গোপালগঞ্জে গতকাল মঙ্গলবার একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে বাসের চালকের এক সহযোগী (হেলপার) নিহত ও কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়েছেন।
এদিকে গত সোমবার পিরোজপুরের চরখালী-মঠবাড়িয়া সড়কের ভান্ডারিয়ার ইকরিতে সড়ক দুর্ঘটনায় পিকআপের হেলপার নিহত হয়েছেন।
গতকাল বেলা একটার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের উলপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে রকিবুল ইসলাম (২৮) নামের বাসের এক হেলপার নিহত হন। তাঁর বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় গ্রামে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে পিরোজপুরের ইকরিতে সোমবার সন্ধ্যার দিকে মৎস্যবাহী পিকআপ উল্টে মিলন (৩২) নামের বাসের এক হেলপার নিহত হয়েছেন। এতে পিকআপচালক আলমগীর ও হেলপার জাকির আহত হন। তাঁদের ভান্ডারিয়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভান্ডারিয়া থানার ওসি মতিউর রহমান জানান, পিকআপটি পাথরঘাটা থেকে মাছ নিয়ে খুলনায় যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।