পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত
পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল রোববার রাজধানীতে একটি শিশুসহ দুজন নিহত হয়েছেন।
পুলিশ জানায়, এদের মধ্যে গতকাল সকালে রাজধানীর বনানী থানা এলাকায় দুটি বাসের মধ্যে চাপা পড়ে একটি মিনিবাসের চালকের সহকারী রিপনের (২২) মৃত্যু হয়। আর সন্ধ্যায় হাতিরঝিলে কারের চাপায় সাইকেল আরোহী এক শিশুর (১২) মৃত্যু হয়েছে। শিশুটির পরিচয় জানা যায়নি।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) আবু মুসান্না প্রথম আলোকে বলেন, গতকাল সকালে বনানী সৈনিক ক্লাব এলাকায় ক্যান্টনমেন্ট পরিবহনের দুটি মিনিবাসের মধ্যে চাপা পড়ে একটি মিনিবাসের হেলপার রিপনের মৃত্যু হয়েছে। পুলিশ বাস দুটি আটক করেছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যা পৌনে সাতটার দিকে হাতিরঝিলে বেগুনবাড়ি জামে মসজিদের সামনে সাইকেল চালিয়ে যাওয়ার সময় আনুমানিক ১২ বছর বয়সী একটি শিশু কারের চাপায় মারা যায়।