পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত

মুন্সিগঞ্জের গজারিয়া, ব্রাহ্মণবাড়িয়ার উজানিসার, ময়মনসিংহের বাগেরকান্দা ও ফরিদপুরের ভাঙ্গায় আজ রোববার সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৯ জন।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ময়মনসিংহ
সদর উপজেলার বাগেরকান্দা এলাকায় যাত্রীবাহী বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হন। আহত হন অন্তত তিনজন। দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে মো. নাসির (২৭) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার বাদেকল্পা পশ্চিমপাড়া গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুপুর ১২টার দিকে বাগেরকান্দা এলাকায় ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কে জামালপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ময়মনসিংহ থেকে মুক্তাগাছাগামী যাত্রীবাহী একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নাসির নিহত হন। গুরুতর আহত অবস্থায় অন্তত আটজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পাঁচজনের মৃত্যু হয়। হতাহত সবাই টেম্পোর যাত্রী ছিলেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে মারা যাওয়া পাঁচজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহেদ আল মামুন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।
ফরিদপুর
ভাঙ্গা পৌর শহরের ঢাকা-বরিশাল মহাসড়কের সদরদী বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত ও ১৬ জন আহত হন। আজ সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম বলেন, সদরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে বরিশালগামী সনি পরিবহনের একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে অজ্ঞাতপরিচয় এক বাসযাত্রী নিহত হন। এ ঘটনায় আরও ১৬ জন যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুন্সিগঞ্জ
গজারিয়া উপজেলার বাউসিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে আজ ভোরে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
নিহত ব্যক্তির নাম রেজাউল (২৫)। তাঁর বাড়ি রংপুর জেলায়। গজারিয়ার বিভিন্ন জায়গায় রেজাউল রংমিস্ত্রির কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউসিয়া থেকে রেজাউলের লাশ উদ্ধার করে পুলিশ। লাশের শরীরে থাকা আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, কোনো একটি গাড়ি রেজাউলকে চাপা দিয়ে পালিয়ে গেছে।
ব্রাহ্মণবাড়িয়া
সদর উপজেলার উজানিসার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়ক থেকে একটি মাইক্রোবাস পাশের খালের পানিতে পড়ে যমজ ছেলেসহ এক নারী নিহত হয়েছেন। আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন রুবিনা বেগম (৩৫) ও সাত বছরের দুই ছেলে সৌরভ ও নীরব। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ভীটঘর ইউনিয়নের পেয়ারা গ্রামে তাঁদের বাড়ি।
রুবিনার স্বামী হানিফ মিয়া (৪৫) বলেন, ঈদে গ্রামের বাড়ি পেয়ারা গ্রামে যাওয়ার জন্য গতকাল রাত ১২টার দিকে একটি ভাড়া করা মাইক্রোবাসে করে ঢাকা থেকে রওনা হন। মাইক্রোবাসে তাঁরা মোট ১১ জন যাত্রী ছিলেন। আজ ভোরে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি উজানিসার এলাকার খালের পানিতে পড়ে যায়। মাইক্রোবাসের ভেতর থেকে আট যাত্রী বের হয়ে আসতে পারলেও স্ত্রী রুবিনা ও ছেলে সৌরভ ও নীরব পানির নিচে আটকে পড়েন। সকাল ছয়টার দিকে তাঁদের লাশ তোলা হয়।
হানিফ মিয়ার দাবি, চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, নিহত মা ও দুই সন্তানের লাশ পেয়ারা গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে।