পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও ও ফকিরাপুল এলাকায় গতকাল শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রজিবুল হাসান সাংবাদিকদের জানান, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ফার্মগেট পুলিশ ফাঁড়িসংলগ্ন সড়কে পিকআপ গাড়ির ধাক্কায় মো. খোরশেদ নামের এক পরিচ্ছন্নতাকর্মী গুরুতর আহত হন।
আহত খোরশেদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, তেজগাঁও এলাকায় থাকতেন খোরশেদ। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগী হিসেবে তিনি সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন করতেন।
এদিকে সূত্রটি আরও জানায়, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে ফকিরাপুল বাজারসংলগ্ন সড়কে মতিঝিল থেকে বনানীগামী দিবানিশি পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় এক অজ্ঞাতনামা রিকশাচালক মারা যান। তাঁর পরনে চেক লুঙ্গি ও জামা ছিল।