পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গতকাল বুধবার বাসের ধাক্কায় আবদুর রব (৩২) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। তিনি উপজেলার চৌডালা ইউনিয়নের ভিমপাড়া গ্রামের মফিজ উদ্দীনের ছেলে।
এর আগে গত মঙ্গলবার রাতে কুড়িগ্রাম নাগেশ্বরীতে গরুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে গরু ব্যবসায়ী আলমগীর হোসেন (৪০) মারা যান। তিনি ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ঈশ্বরবড়ুয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্ত্তুজা বলেন, গোমস্তাপুরের রহনপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ আসার পথে খয়রাবাদ এলাকায় সকাল নয়টার দিকে দোয়েল পরিবহনের যাত্রীবাহী একটি বাস একই অভিমুখী ব্যাটারিচালিত যাত্রীবাহী একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ভ্যানচালক আবদুর রবসহ চারজন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক আবদুর রবকে মৃত ঘোষণা করেন। বাসটি আটক করা হয়েছে। কিন্তু নিহত ব্যক্তির পরিবার থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
এদিকে নাগেশ্বরী থানার ওসি আবু আককাছ আহমেদ জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ভূরুঙ্গামারী থেকে গরুবোঝাই একটি ট্রাক ঢাকা যাওয়ার পথে নাগেশ্বরী পৌর এলাকার মাছুর খামার বাঁশের তলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এতে ওই ট্রাকে থাকা গরু ব্যবসায়ী আলমগীর হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় একটি গরুও মারা গেছে। এ ছাড়া আরও দুই ব্যক্তি আহত হয়েছেন।