পৃথক সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধীসহ দুজন নিহত
সিরাজগঞ্জের পৃথক সড়ক দুর্ঘটনায় এক প্রতিবন্ধীসহ দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন শাহজাদপুর উপজেলার কায়েমপুর গ্রামের সফিজ উদ্দিনের ছেলে মানসিক প্রতিবন্ধী আবদুস সালাম (৫০) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের মৃত হাছেন আলীর স্ত্রী জরিনা খাতুন (৩৫)।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, গতকাল বুধবার ভোরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের তালগাছী কবরস্থানের পাশে রাস্তা পার হওয়ার সময় আবদুস সালামকে দ্রুতগামী একটি কোচ চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
অপর দুর্ঘটনা সম্পর্কে সদর থানার উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা বলেন, গতকাল দুপুরে সিরাজগঞ্জ-কড্ডা সড়কের বনবাড়িয়ায় রাস্তা পার হওয়ার সময় একটি সিএনজি অটোরিকশার ধাক্কায় জরিনা খাতুন (৩৫) গুরুতর আহত হন। পরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ দুটি ঘটনায় শাহজাদপুর ও সিরাজগঞ্জ সদর থানায় পৃথক দুটি মামলা হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।